বন্ধুদের পাঠচক্রে ‘একুশের শহীদ: ছয় ভাষাশহীদের জীবনগাথা’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

আনিসুল হক সম্পাদিত ‘একুশের শহীদ: ছয় ভাষাশহীদের জীবনগাথা’ বই নিয়ে পাঠচক্র করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। গত ৯ ফেব্রুয়ারি ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।

যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতারের সঞ্চালনায় আলোচকেরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী ছয়জন শহীদের সংক্ষিপ্ত জীবনী ও ত্যাগের কাহিনি তুলে ধরেন। এতে শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর ও অহিউল্লাহর ব্যক্তিগত জীবনের তথ্য, আন্দোলনের প্রেক্ষাপট ও তাঁদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা উঠে আসে। তাঁরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে বুকের তাজা রক্ত দিতে কুণ্ঠাবোধ করেননি।

বইয়ে উল্লেখ করা হয়েছে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন রফিক উদ্দিন আহমদ। তিনি ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হন। এ ছাড়া ওই দিনই নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবুল বরকত। একই দিন গুলিতে আহত হয়ে পরে মারা যান ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা শহীদ আব্দুল জব্বার। পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসার পর ৭ এপ্রিল মারা যান সচিবালয়ের কর্মচারী শহীদ আবদুস সালাম। ২২ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে নিহত হন শহীদ শফিউর রহমান। ওই দিনই নিহত হন কিশোর শহীদ অহিউল্লাহ।

পাঠচক্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদসহ অন্যরা।

সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা