‘নজরুলের লেখনী আজও আমাদের সাহস জোগায়’

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচিত ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। গত ২৫ মে প্রথম আলো নোয়াখালী অফিসে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে অংশগ্রহণকারী বন্ধুরা কবিতাটির বিভিন্ন দিক, এর সাহিত্যিক গুরুত্ব, বিদ্রোহী চেতনা এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। কবিতার বিভিন্ন অংশ পাঠের পাশাপাশি এর ভাব, ভাষা ও দর্শন নিয়ে মতবিনিময় হয়। কবিতাটি আবৃত্তি করেন সহসভাপতি মো. শিমুল।

সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘বিদ্রোহী’ কবিতা শুধু একটি সাহিত্যকর্ম নয়, এটি অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের চিরন্তন প্রতিবাদের প্রতীক। নতুন প্রজন্মের কাছে নজরুলের চিন্তা ও চেতনা পৌঁছে দিতে এ ধরনের পাঠচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সহসভাপতি মো. শিমুল তাঁর বক্তব্যে বলেন, ‘নজরুলের লেখনী আজও আমাদের সাহস জোগায়। সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা আমরা তাঁর সাহিত্য থেকেই পাই।’

কার্যনির্বাহী সদস্য রুমাইয়া সুলতানা বলেন, ‘“বিদ্রোহী” কবিতা আমাদের আত্মমর্যাদা, মানবিকতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দেয়। পাঠচক্রের মাধ্যমে আমরা শুধু সাহিত্য পাঠ করি না, বরং নিজেদের চিন্তা ও মননকেও সমৃদ্ধ করি।’

আলোচনা শেষে উপস্থিত বন্ধুরা নজরুলের সাহিত্য ও দর্শন নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাহেদুল ইসলাম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাতেমা কানিজ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক নাফিস আহমেদ।

অর্থ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা