রাঙামাটি বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি বন্ধুসভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক সভা করেছে জাতীয় পরিচালনা পর্ষদ। ৬ মে প্রথম আলো রাঙামাটি অফিসে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা। তিনি বলেন, বন্ধুসভার সদস্য হতে নির্দিষ্ট বয়সের প্রয়োজন নেই; মনের দিক থেকে তরুণ হলেই সবাই সদস্য হতে পারে।
বন্ধুদের উদ্দেশে মাহমুদা বুশরা বলেন, বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন, যেখানে সদস্যরা মানবিক ও সমাজসেবামূলক কাজ করে থাকে। সহমর্মিতার ঈদ, বন্যাদুর্গত ব্যক্তিদের সহায়তা, সচেতনতামূলক কার্যক্রম ও প্রশিক্ষণের মতো নানা উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
রাঙামাটি বন্ধুসভার সভাপতি আপন চাকমা বলেন, বন্ধুসভার মাধ্যমে নেতৃত্ব, সমন্বয় ও মানবিকতা শেখা যায়। তিনি দক্ষতা উন্নয়নের জন্য ইংলিশ কোর্স, আইসিটি ও সমতা বিষয়ে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন। যেগুলোর মাধ্যমে বন্ধুরা স্বেচ্ছাসেবী কাজে আরও এগিয়ে আসবেন।
সাধারণ সম্পাদক বাবুল মারমা বলেন, বন্ধুসভা সত্য ও মানবিকতার পক্ষে কাজ করে। বৃক্ষরোপণ, দরিদ্রদের সহায়তা ও বিজু উৎসবে শিশুদের নতুন জামা বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি মিকেল চাকমা, আলোকচিত্রী সুপ্রিয় চাকমা, রাঙামাটি বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক কমলা ধন চাকমা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সান্ত্বনা চাকমা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোস্তফা কামাল, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মানসী চাকমা প্রমুখ।
এ সময় বন্ধুরা জানান, এভাবে জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরা যদি মাঝেমধ্যে তাঁদের কাছে এসে অভিজ্ঞতা ভাগাভাগি করেন, তাহলে বন্ধুরা উৎসাহ পাবেন। সংগঠনের কার্যক্রম আরও প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে উঠবে।