নারী দিবস উপলক্ষে আয়োজিত বন্ধুসভার ‘জাতীয় নারী বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬'-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস কর্মকর্তা জাবেদ সুলতান।
বিতর্কে অংশ নেওয়া ৮০ জন বিতার্কিকের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী হৃদিকা রায়, প্রথম রানারআপ হয়েছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সুমাইয়া রওশন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী আহনাফ জুহায়ের। আর তৃতীয় ও চতুর্থ রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিথিলা পাল এবং বগুড়ার নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থী সাইয়্যেদা সুলতান। বিজয়ীদের ক্রেস্ট, সনদ ও সুবর্ণ প্রকাশনীর পক্ষ থেকে বই উপহার দেওয়া হয়।
অনুভূতি ব্যক্ত করে চ্যাম্পিয়ন হৃদিকা রায় বলেন, 'বিজয়ী হতে পেরে খুবই ভালো লাগছে। প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ এমন সুন্দর আয়োজনের জন্য।' তৃতীয় রানারআপ মিথিলা পাল বলেন, 'এখানে
এসে এত গুণী মানুষদের সঙ্গে পরিচিত হতে পেরে এবং তাঁদের কথা শুনে ভালো লেগেছে।' চতুর্থ রানারআপ সাইয়্যেদা সুলতান বগুড়ায় থাকায় পুরস্কার নিতে আসেন তাঁর বাবা। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা বলেন, 'এ ধরনের আয়োজনে এবারই প্রথমবার আসা। মেয়ে পুরস্কার পাওয়ায় খুবই আনন্দিত।'
বিচারক হিসেবে ছিলেন ইউআইইউ ডিবেট ক্লাবের সাবেক সভাপতি আয়েশা ফেরদৌস, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মরিয়ম জাহান, গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাবেক ইংলিশ ফোরাম কো-অর্ডিনেটর রিদিতা তাহসিন অদিতি এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক আরজু আফরিন ক্যাথি।
বিতর্ক প্রতিযোগিতার সমন্বয়ক হিসেবে কাজ করছেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের বিতর্ক ও অনুষ্ঠান সম্পাদক কামরুল ইসলাম এবং ঢাকা মহানগর বন্ধুসভার জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মনিকা ইয়াসমিন। আয়োজনে সহযোগী হিসেবে ছিল রেজুভা ওয়েলনেস।