শহীদ মিনারে গোবিপ্রবি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে গোবিপ্রবি বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণছবি: বন্ধুসভা

২১ আমাদের অহংকার, একুশ আমাদের চেতনা। এই উচ্চারণ কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়; এটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে—ভাষা মানে শুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা মানে জাতিসত্তা, সংস্কৃতি, ইতিহাস ও আত্মমর্যাদা। যে জাতি তার ভাষাকে রক্ষা করতে জানে, সে জাতিই সত্যিকার অর্থে স্বাধীনতার যোগ্য।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং একটি র‍্যালির আয়োজন করেন বন্ধুরা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোবিপ্রবি বন্ধুসভার র‍্যালি
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলা ভাষার শুদ্ধ ও সচেতন চর্চার অঙ্গীকার ব্যক্ত করেন। বন্ধুরা বলেন, একুশ কেবল একটি স্মরণ দিবস নয়; এটি ভাষাগত স্বাধীনতার প্রতীক। শব্দের স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা—আর সেই স্বাধীনতার নাম বাংলা।

বন্ধু, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা