আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশের ভিত্তি

স্কুলশিক্ষার্থীদের নিয়ে ঠাকুরগাঁও বন্ধুসভার গাছের চারা রোপণছবি: বন্ধুসভা

‘পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’

ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন সদর উপজেলার লক্ষ্মীপুর হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব দুলাল। তিনি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

২০ আগস্ট অনুষ্ঠিত এ কার্যক্রমে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মধ্যে ২৩৫টি চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশে ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব বলেন, ‘আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশের ভিত্তি। তাই প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেটির নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার বন্ধু শাহিনুর ইসলাম, রাকিব শাহরিয়ারসহ অন্য সদস্যরা। পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।