ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্যবাহী নাচ-গান, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। ১৫ নভেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।
বিকেল চারটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য নিয়ে আসে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রাথমিক শাখার খুদে শিক্ষার্থী দল।
স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, ক্ষুদ্র জাতিসত্তার নেতা কর্ণেলিউস মুরমু, চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক ও বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম ভোতা, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা।
নৃত্য পরিবেশন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু তাথৈ ও বাবুডাইং আলোর পাঠশালার মাধ্যমিক শাখার সাংস্কৃতিক দল। কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ‘গম্ভীরা গান’ পরিবেশন করেন ‘চাঁপাই গম্ভীরা’ দলের সদস্যরা। নানা-নাতির অভিনয় করেন ফাইজার রহমান ও মুনির হোসেন। সঞ্চালনা করেন সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের নিয়মিত পাঠক ৭৫ বছর বয়সী আতিকুল ইসলামকে প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেন বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম ভোতা। উপস্থিত ছিলেন পাঠাগারের নির্বাহী কমিটির সদস্য আবু হাসিব, আশরাফুল আম্বিয়া, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রথম আলো সব সময় ক্ষুদ্র জাতিসত্তার মানুষসহ প্রান্তিক মানুষের পাশে থাকে। তাদের বিপদে-আপদে, আন্দোলনে-সংগ্রামে, শিক্ষা সহায়তায়, সাংস্কৃতিক আয়োজনে পাশে থাকে। তরুণ শিক্ষার্থীদের, নারীদের, খেলোয়াড়দের এগিয়ে নিতে নানা কর্মসূচি নিয়ে থাকে। প্রথম আলো শুধু বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের বাংলা ভাষার সর্বাধিক পঠিত ও সর্বশ্রেষ্ঠ পত্রিকা। প্রথম আলো এ দেশের প্রগতিশীল মানুষের ভরসার জায়গা। এ পত্রিকা নারী, শিশু–কিশোর, শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার পাঠকদের চাহিদা মেটানোর চেষ্টা করে আসছে।
সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা