চায়ের কাপে গল্প, গান আর বন্ধুত্ব

প্রথম আলো দিনাজপুর অফিসে বন্ধুদের চায়ের আড্ডাছবি: বন্ধুসভা

বড় কোনো আয়োজন ছিল না, না কোনো আনুষ্ঠানিকতা। তবু বিকেলটা ছিল অনেক সুন্দর। সেখানে ছিল কিছু বন্ধু, কিছু গল্প, এক কাপ চা আর দোতারার সুর।

প্রথম আলো দিনাজপুর অফিসে ৪ এপ্রিল বিকেলে বন্ধুরা বসেছিল চায়ের আড্ডায়। শুরুতে সবাই বসে গল্প করেন। কেউ পড়াশোনার কথা বলেন, কেউ কাজের কথা, কেউ আবার ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা ব্যক্ত করেন। মাঝেমধ্যে হাসির শব্দে ভিড়ে যাচ্ছিল পুরো ঘর। মনে হচ্ছিল, অনেক দিন পর সবাই একটু নির্ভার হয়ে গল্প করছে।

চা বানানোর দায়িত্ব নেয় বন্ধু প্রাপ্তি, শিলা ও জান্নাতে রাইয়ান। তারা ভেতরে গিয়ে চা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে আসিফ ও জাহিন আড্ডার জন্য নাশতার ব্যবস্থা করে। কিছুক্ষণের মধ্যেই তারা সুস্বাদু বিস্কুট নিয়ে আসে। শুরু হয় আড্ডা—এক হাতে চায়ের কাপ, অন্য হাতে বিস্কুট, আর গল্প যেন থামছেই না।

প্রথম আলো দিনাজপুর অফিসে বন্ধুদের চায়ের আড্ডা।

চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছিল, আর গল্পের বিষয়ও পাল্টাতে থাকে একের পর এক। কেউ পুরোনো কোনো স্মৃতির কথা বলেন, কেউ আবার সংগঠন নিয়ে নতুন পরিকল্পনার কথা। ছোট ছোট এই মুহূর্তগুলোই আড্ডাটাকে সুন্দর করে তোলে।

আড্ডার মাঝখানে হঠাৎ অন্য রকম এক পরিবেশ তৈরি হয়। প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি শৈশব রাজু দোতারা হাতে তুলে নেন। দোতারার টুংটাং সুরে তিনি গান ধরলে সবাই মুগ্ধ হয়ে শোনেন। মুহূর্তেই পুরো ঘরটা শান্ত হয়ে যায়। শুধু দোতারার সুর আর গানের কণ্ঠ ভেসে আসছিল।

বন্ধুরা বলেন, এমন ছোট ছোট আড্ডাই বন্ধুত্বকে আরও দৃঢ় করে, সম্পর্ককে করে তোলে আরও সুন্দর। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আড্ডাও শেষ হয়ে যায়।

সহসভাপতি, দিনাজপুর বন্ধুসভা