মাঠের মধ্যে দুই সারিতে দাঁড়ানো শিশুরা। তাদের কারও বয়স দুই বছর, কারও বয়স দশ। পাশে কয়েকটি সারিতে মায়েরাও দাঁড়িয়েছেন। কয়েকজন অশীতিপর বৃদ্ধাকে দেখা গেল। সঙ্গে রয়েছে প্রথম আলো দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা। বন্ধুদের হাতে শিশুদের জন্য রঙিন জামার প্যাকেট। আর তাদের মায়েদের জন্য চাল-ডাল-তেল-সেমাই-চিনি-দুধের প্যাকেট। কিছুক্ষণের মধ্যে শুরু হলো বিতরণ। জামা হাতে পেয়েই শিশুদের ছোটাছুটি, হইহুল্লোড়।
১২ মার্চ সকাল সাড়ে ১১টায় দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বেলবাড়ি খলিফাপাড়া এলাকায় ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, শাহজাহান সাজু, আজিমপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক একরাম তালুকদার, প্রথম আলোর প্রতিনিধি রাজিউল ইসলাম।
আয়োজকেরা জানান, এবার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে বেলবাড়ি খলিফাপাড়াসহ শহরের কয়েকজন গৃহকর্মী ও টংদোকানিসহ ১৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আর ৯০ জন শিশুকে উপহার হিসেবে দেওয়া হয়েছে রঙিন জামা।
রঙিন জামা হাতে মুসতাকিম হোসেন (১০) বলেন, ‘বাবা বলেছে শুক্রবারে বাজার নিয়ে যাবে। মা–সহ আমরা জামা কিনতে যাব। তার আগেই জামা পাইলাম। খুবই ভালো লাগতেছে।’
খাদ্যসামগ্রী হাতে লায়লা বেগম (৪২) বলেন, ‘এ রকম দিনে আজকাল কে কার খোঁজ রাখে। আপনারা খোঁজ নিছেন। যতটুকু পারছেন অভাবী মানুষদের সহযোগিতা করছেন, এটাই অনেক বড় ব্যাপার।’ জানালেন, উপস্থিত সবাই খলিফাপাড়ার পাশাপাশি দুটি আশ্রয়ণ এবং একটি গুচ্ছগ্রামে বসবাস করছেন। সবাই নিম্ন আয়ের পরিবার।
বন্ধুসভার সভাপতি শবনম মোস্তারিন বলেন, ‘বছরজুড়ে বন্ধুরা একটি মাটির ব্যাংকে কিছু টাকা জমিয়েছি, পাশাপাশি সংগঠনের উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরাও আমাদের অর্থসহায়তা দিয়েছেন। সেই টাকায় প্রতিবছরের ন্যায় এবারও আমরা সহমর্মিতার ঈদ কর্মসূচি পালন করছি। খুবই ভালো লাগে যখন কেউ নিজে থেকে আমাদের এই কর্মসূচির খোঁজ নেন।
বন্ধুসভার উপদেষ্টা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভাবনার পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘একটা সময় নিজেও বন্ধুসভার সভাপতি ছিলাম। বন্ধুসভার এই মানবিক প্রোগ্রামটির সঙ্গে শুরু থেকেই আছি। মাঝে কয়েক বছর আসা হয়নি। এবার সরাসরি উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করলাম। খুবই ভালো লাগছে।’