নিয়মিত পাঠচক্র বইয়ের প্রতি আগ্রহ তৈরি করে

দিনাজপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সমকালীন বাংলা কবিতার ভুবনে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে কবি আলী ছায়েদের কাব্যগ্রন্থ ‘অস্ত্রহীন যুদ্ধের ম্যানিফেস্টো’। দিনাজপুর বন্ধুসভার উপদেষ্টা আলী ছায়েদের সেই কবিতার বই নিয়ে ২৩ জুন বিকেলে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। প্রথম আলো দিনাজপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের, হৃদয়ের সঙ্গে হৃদয়ের ও বুর্জোয়াদের সঙ্গে প্রলেতারিয়েতদের প্রতিনিয়ত যে যুদ্ধ চলছে, তা–ই কবি আলী ছায়েদ তাঁর এই কাব্যগ্রন্থে তুলে ধরেছেন। বইটিতে কবিতার সংখ্যা ৫৮। কবিতাগুলোতে স্থান পেয়েছে দেশ-প্রকৃতি, শ্রেণি–সংগ্রাম ও হৃদয়ঘটিত বিষয়।

মানবজীবনের অন্তর্গত সংগ্রাম, সময়ের সংকট, স্বপ্ন ও বাস্তবতার দ্বন্দ্বকে কাব্যিক ভাষায় তুলে ধরা হয়েছে কবিতাগুলোতে। নান্দনিক প্রচ্ছদ ও চিন্তাশীল কবিতার সমন্বয়ে গ্রন্থটি পাঠকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শব্দের ভেতর দিয়ে মানুষের অবিরাম লড়াই, বেদনা, আশা ও প্রতিরোধের গল্প বলতে এসেছে ‘অস্তহীন যুদ্ধের ম্যানিফেস্টো’। কবি আলী ছায়েদের নতুন এই কাব্যগ্রন্থে উঠে এসেছে ব্যক্তি ও সমাজের নানা অনুষঙ্গ, যেখানে কবিতা হয়ে উঠেছে সময়কে প্রশ্ন করার এক শক্তিশালী ভাষা।

সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘এ ধরনের কবিতার বই যেমন আমাদের আনন্দিত করে, তেমনি মনকে বিকশিত করে।’

উপদেষ্টা শৈশব রাজু বলেন, ‘নিয়মিত পাঠচক্র আমাদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ তৈরি করে। আর মস্তিষ্কের মধ্যে তৈরি হয় জ্ঞানের ভান্ডার।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নাওয়াজ, সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, অর্থ সম্পাদক আরিয়ানা চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক শুভজিৎ রায়, প্রচার সম্পাদক বিরোস রায়, কার্যনির্বাহী সদস্য প্রাপ্তি পায়েল রায়, বন্ধু সুমাইয়া, আরাফাতসহ অন্য বন্ধুরা।

বন্ধু, দিনাজপুর বন্ধুসভা