শিক্ষার্থীদের মনে বৃক্ষপ্রেমের বীজ বুনে দিতে উদ্যোগ

আফছর উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ শেষেছবি: বন্ধুসভা

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কোমলমতি শিক্ষার্থীদের মনে বৃক্ষপ্রেমের বীজ বুনে দিতে উদ্যোগ নিয়েছে ভৈরব বন্ধুসভা। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও গাছের পরিচর্যাবিষয়ক নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।

গত ২৭ আগস্ট আফছর উদ্দিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় চত্বরেও বেশ কয়েকটি চারা রোপণ করেন বন্ধুসভার সদস্যরা।

পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

চারা হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। শুধু গাছ লাগানোই নয়, সেগুলো পরম যত্নে বড় করে তোলার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে তারা। কর্মসূচিকে আরও প্রাণবন্ত করতে আয়োজন করা হয় পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু। এ ছাড়া সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস বৃক্ষরোপণকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা প্রতিটি চারাকে পরিচর্যার মাধ্যমে পূর্ণাঙ্গ গাছে পরিণত করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের মধ্যে গাছের পরিচর্যা নিয়ে আলোচনা
ছবি: বন্ধুসভা

আফছর উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম রিপন বন্ধুসভার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আশা করি, শিক্ষার্থীরা গাছগুলোকে ভালোবাসবে ও বড় করবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় উদ্যোগী হয়ে উঠবে।’

পরবর্তী ধাপে ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও অর্ধশত গাছ উপহার হিসেবে দেওয়া হয়। কেবল নতুন চারা রোপণই নয়, পূর্বের বছরগুলোতে রোপণ করা গাছের নিয়মিত খোঁজখবর রাখছে সংগঠনটি। তারই অংশ হিসেবে জব্বার জুট মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সদস্যরা।

ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থীদের জন্য গাছ পাঠানো
ছবি: বন্ধুসভা

বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসিনা পান্না জানান, গত বছর বন্ধুসভার সহযোগিতায় গড়ে তোলা ফলের বাগানটির সঠিক যত্ন নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে চলতি সেপ্টেম্বরেও সেখানে নতুন কিছু চারা উপহার দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে ভৈরব বন্ধুসভার ও শুভানুধ্যায়ীদের যৌথ অর্থায়নে চলতি মৌসুমে দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

আফছর উদ্দিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণ করা
ছবি: বন্ধুসভা

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আফিসা আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রাজ, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হেপী বেগম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদ, বন্ধু অনুপম, তুহিন, আদিব, লোভনা ইসলাম, জিসান, রাকিবসহ অনেকে।

সাংস্কৃতিক সম্পাদক, ভৈরব বন্ধুসভা