নিমগাছের রোপণ করলেন মাগুরা বন্ধুসভার বন্ধুরা
মাগুরা পৌরসভা ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ১০০টি নিমগাছের চারা লাগানো হয়েছে। ২৭ জুলাই দুপুরে পৌরসভার কাদিরাবাদ এলাকায় সড়কের পাশে ও দেড়ুয়া গোরস্তানে এসব চারা লাগানো হয়। এর মধ্যে কাদিরাবাদ এলাকায় ৭০টি ও দেড়ুয়া গোরস্তানে ৩০টি গাছ লাগানো হয়।
এ সময় মাগুরা বন্ধুসভার সদস্য ও পৌরসভার কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি গাছের সঙ্গে একটি করে বাসের খুঁটি দেওয়া হয়। বন্ধুসভার সদস্য শাকিল আহমেদ বলেন, গত বছর থেকে পৌর এলাকার বিভিন্ন সড়কের পাশে বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। গাছ লাগালেই তো কাজ শেষ হয় না। এগুলোর যত্ন নিতে হয়। এ উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এ উদ্যোগে যুক্ত করেছে তারা। বন্ধুসভা এ উদ্যোগে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।
মাগুরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় ৫৯৪টি গাছের চারা লাগানো হয়েছিল। তখন কৃষ্ণচূড়া, জারুল, কাঠবাদাম, বকুলসহ বিভিন্ন প্রজাতির চারা লাগানো হয়। এসব চারার বেশির ভাগই বেঁচে গেছে। যেসব জায়গায় গাছ মারা গেছিল, সেসব জায়গায় এ বছর আবার চারা লাগানো হয়েছে। এ বছর ২৭ জুলাই পর্যন্ত ৫০০টি নিমের চারা লাগানো হয়েছে। গাছের চারা লাগানোর ক্ষেত্রে পৌরসভার বিভিন্ন সড়কের পাশের জায়গা বেছে নেওয়া হচ্ছে। চলতি মৌসুমে আরও বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।
বৃক্ষরোপণে অংশ নেওয়া মাগুরা বন্ধুসভার সদস্য আল মামুন সাচ্চু বলেন, ‘নিমগাছ পরিবেশের জন্য খুবই উপকারী। এটি খুব বেশি মাত্রার দূষণ সহ্য করতে পারে। একটি পরিপূর্ণ নিমগাছ প্রায় ১০ টন এসির সমপরিমাণ ঠান্ডা রাখে তার চারপাশের বাতাসকে। নিম আমাদের দেশীয় গাছ, আবহাওয়া উপযোগী এবং যেকোনো মাটিতে জন্মে। এটি পরিচর্যায় তেমন খরচ নেই। নিম বাড়ির আঙিনা, রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সব জায়গায় লাগানো যায়। নিমগাছের গন্ধে আশপাশের ফসলেও কীটপতঙ্গ আসে না।’
চলতি মৌসুমে পৌরসভার পাশাপাশি নিজেদের উদ্যোগে আরও কিছু বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে বলে জানান বন্ধুসভার সদস্যরা।