কথাসাহিত্যিক আনিসুল হক রচিত উপন্যাস ‘ফাঁদ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে গোবিপ্রবি বন্ধুসভা। ৪ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই আসর বসে। পাঠচক্রে বইটির গল্প, চরিত্র ও নানা ভাবনা নিয়ে কথা বলেন বন্ধুরা।
‘ফাঁদ’ একটু অন্য রকম উপন্যাস। একজন মানুষ দশতলা ভবন থেকে পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে যেন তার সামনে খুলে যায় জীবনের নানা গল্প। সেই গল্পের মধ্য দিয়ে লেখক সম্পর্ক, ভালোবাসা, রাজনীতি, সমাজ ও মানুষের নানা দিক তুলে ধরেছেন। হাস্যরসের আড়ালেও রেখে গেছেন কিছু ভাবনার জায়গা।
আলোচনার এক পর্যায়ে বন্ধুদের মনেও প্রশ্ন জাগে—আমরা কি সত্যিই জীবনকে নিজের মতো করে বাঁচি, নাকি সমাজ ও সম্পর্কের নানা অদৃশ্য ‘ফাঁদে’ আটকে থাকি?
সভাপতি আহনাফ শাহরিয়া বলেন, ‘বইটা পড়তে গিয়ে মনে হয়েছে, গল্পের ভেতর দিয়ে লেখক আমাদের পরিচিত জীবনকেই একটু অন্যভাবে দেখিয়েছেন। তাই পড়ার পরও বিষয়গুলো নিয়ে ভাবতে ইচ্ছে করে।’
সাধারণ সম্পাদক আল-আমীন শেখ বলেন, ‘পাঠচক্রে সবাই যখন নিজের মতো করে বইটা নিয়ে কথা বলে, তখন একই বই থেকে অনেক রকম ভাবনা বেরিয়ে আসে। “ফাঁদ” নিয়েও আমাদের মধ্যে তেমনই কিছু প্রশ্ন তৈরি হয়েছে।’
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা