সম্প্রীতির আহ্বানে সৈয়দপুর বন্ধুসভার ইফতার

সৈয়দপুর বন্ধুসভার ইফতারছবি: বন্ধুসভা

মাহে রমজান কেবল সংযমের মাস নয়, এটি পারস্পরিক সহমর্মিতা ও আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করার শ্রেষ্ঠ সময়। এ চেতনায় ইফতার মাহফিল ও বিশেষ আলোচনা সভা করেছে সৈয়দপুর বন্ধুসভা। ৫ মার্চ সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি মমতাজ পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি রোজিটি নাজনীন ও সাধারণ সম্পাদক আহসান হাবীব। তাঁদের আলোচনায় রমজানের গভীর তাৎপর্য এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। বিশেষ করে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন পোশাক এবং তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহারের বিষয়টি গুরুত্ব পায়।

সৈয়দপুর বন্ধুসভার ইফতার।

বন্ধুদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য দেন উপদেষ্টা হোসনে আরা লিপি এবং এম আর আলম ঝন্টু। এম আর আলম ঝন্টু বন্ধুসভার মানবিক কাজের প্রশংসা করে বলেন, ‘বন্ধুসভা সত্য, নিষ্ঠা ও দেশপ্রেম চর্চার একটি অনন্য প্ল্যাটফর্ম। বন্ধুসভার বন্ধুরা নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো নিঃস্বার্থভাবে সমাজের জন্য ভাবে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করে। এটি কেবল একটি পাঠকদের সংগঠন নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার আদর্শ জায়গা।’

আলোচনা শেষে বিদ্যালয়ের সবুজ চত্বরে খোলা আকাশের নিচে পাটি ও ম্যাট বিছিয়ে ইফতারে অংশ নেন সবাই।