ঈদ–আনন্দ ভাগাভাগি করে নিল মোংলা বন্ধুসভা

মোংলা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদ আসে আনন্দ নিয়ে। কিন্তু সেই আনন্দের স্বাদ সবাই পায় না। আর্থিক অসচ্ছলতা আনন্দপ্রাপ্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের ঢালীরখন্ড গ্রাম ও মোংলা পোর্ট পৌরসভার নদী উপকূলবর্তী চরকানা এলাকায় বসবাসকারী ভাসমান মানুষেরাও আনন্দ থেকে বঞ্চিত হয়। এবার তাদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে মোংলা বন্ধুসভা।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৬ মার্চ ৩০টি পরিবারকে ঈদের খাদ্যসামগ্রী ও শিশুদের জন্য নতুন পোশাক উপহার দিয়েছেন বন্ধুসভার সদস্যরা। হঠাৎ উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। সুবিধাভোগী শারমিন বেগম বলেন, ‘আমার ছেলের জন্য এখনো জামা-প্যান্ট কিনতে পারিনি। আপনারা আজ এসে সেগুলো উপহার দিলেন। এ জন্য ধন্যবাদ।’

মোংলা বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

এ বিষয়ে মোংলা বন্ধুসভার সভাপতি অনিক হোসেন বলেন, ‘আল্লাহ আমাদের ভালো রেখেছেন। আমাদেরও উচিত অন্যদের ভালো রাখার চেষ্টা করা। সেই চিন্তাকে আরও বেগবান করেছে “সহমর্মিতার ঈদ” কর্মসূচি। এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পেরে সত্যিই মনটা ভরে গেল।’ পাশাপাশি তিনি কার্যক্রম সফল করায় সব বন্ধু ও উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রদীপ মহলদার, বন্ধু আবুল কাশেম, সোহেল খান, আল-আমিন, ধীমান মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রচার সম্পাদক, মোংলা বন্ধুসভা