শিশুশিক্ষার্থীদের জন্য নোয়াখালী বন্ধুসভার বই উপহার

ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির শিক্ষার্থীদের বই উপহার দিয়েছে নোয়াখালী বন্ধুসভাছবি: বন্ধুসভা

শিক্ষা নিয়ে চলতি বছর নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছে নোয়াখালী বন্ধুসভা। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, বই বিতরণ, শিক্ষাসহায়ক কার্যক্রম পরিচালনা ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এবার ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির শিক্ষার্থীদের জন্য ৬৬টি বই উপহার দিয়েছে নোয়াখালী বন্ধুসভা।

৬ জুন বিকেলে নোয়াখালীর মাইজদী বার্লিংটন মোড়ে ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অসচ্ছল, মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন টিম অব ভলেন্টিয়ার। এই একাডেমির মূল লক্ষ্য সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষার দ্বার আরও উন্মুক্ত করা।

টিম অব ভলেন্টিয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি দুর্জয় ভৌমিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী ও সমাজসেবক সুমন চন্দ্র ভৌমিক, ইউনিকোডার আইটি ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন এবং নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় নোয়াখালী বন্ধুসভার পক্ষ থেকে ৬৬টি বই উপহার হিসেবে তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ বৃদ্ধি এবং বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ
ছবি: বন্ধুসভা

এ বিষয়ে নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘বিভিন্ন মানবিক কাজের পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া নিয়ে নোয়াখালী বন্ধুসভা কাজ করে আসছে। একটি আলোকিত সমাজ গঠনের ভিত্তি হিসেবে শিক্ষাকে আমরা বিশেষ গুরুত্ব দিই। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়া। এ বছর শিক্ষা নিয়ে আমাদের আরও বেশ কিছু উদ্যোগ রয়েছে। টিম অব ভলেন্টিয়ারের এই মানবিক শিক্ষা উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

আসিফ আহমেদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষিত ও মানবিক মানুষই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। শিক্ষা নিয়ে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বই বিতরণ, শিক্ষাবিষয়ক কর্মসূচি এবং পাঠচর্চা উৎসাহিত করার পাশাপাশি এ এলাকায় একটি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি স্থায়ী জ্ঞানচর্চার কেন্দ্র গড়ে ওঠতে পারে।

কার্যনির্বাহী সদস্য, নোয়াখালী বন্ধুসভা