‘যে বন্ধুরা লিখছেন তাঁদের বলব, লেখক হতে চাইলে আপনাদের লিখে যেতে হবে। বই প্রকাশ বা লিখতে হলে অনেক বেশি পড়তে হয়, নিজেকে সমৃদ্ধ করতে হয়। পারিপার্শ্বিক, জাগতিক সবকিছু থেকে দেখে, শিখে, শুনে, পড়ে নিজেকে সমৃদ্ধ করে তারপর লিখতে হয়। তারপর সেই লেখাটা বারবার পড়তে হয়, ভুল আছে কি না দেখতে হয়, গুণীজনদের দেখাতে হয়।’
অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুমের চতুর্থ পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন কবি সাইদুল হাসান। বিশ্বখ্যাত মুঠোফোন ব্র্যান্ড অনারের সৌজন্যে ১ মার্চ অনুষ্ঠিত এই লাইভে সঞ্চালক হিসেবে ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি মামুন হোসাইন।
এবারের বইমেলায় বিশ্বসাহিত্য ভবন প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে সাইদুল হাসানের কাব্যগ্রন্থ ‘অধরা মাধুর্য’। স্টল নম্বর ৭৬৩–৭৬৬। ‘বন্ধুর বই’ লাইভে তাঁর আলোচনায় উঠে এসেছে—নিজের লেখালেখির শুরুর পেছনের গল্প, পারিবারিক পত্রিকা ‘ছায়া’ নিয়ে আলোচনা এবং বন্ধুদের লেখালেখিতে উৎসাহ দিতে বন্ধুসভার নানা কার্যক্রমের কথা।
বন্ধুসভায় দীর্ঘ বছর ধরে কাজ করেছেন সাইদুল হাসান। জাতীয় পরিচালনা পর্ষদের নানা পদসহ দায়িত্ব পালন করেছেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হিসেবে। সেই কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণার কথাও উঠে আসে তাঁর আলোচনায়।
গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ মার্চ পর্যন্ত এ মেলা চলবে। একই দিনে শুরু হয় অনারের সৌজন্যে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে প্রথম আলো বন্ধুসভার বিশেষ লাইভ ‘বন্ধুর বই’ অনুষ্ঠানের তৃতীয় মৌসুম।
বন্ধুসভার যে বন্ধুর বই প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, তাঁদের বই সম্পর্কে আলোচনা ও প্রচারণার লক্ষ্যে বন্ধুসভার ফেসবুক পেজ থেকে মেলা চলাকালে প্রতিদিন সংশ্লিষ্ট বন্ধুকে নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছে। এ ছাড়া বন্ধুসভার ওয়েবসাইটে মাসব্যাপী প্রতিটি বইয়ের রিভিউ ও সংবাদ প্রকাশ করা হবে।
বন্ধুদের লেখালেখি ও বই প্রকাশকে উৎসাহিত করার জন্যই বন্ধুসভার এ আয়োজন। তাই অনতিবিলম্বে সারা দেশের যে বন্ধুদের বই প্রকাশিত হয়েছে বা হচ্ছে, তার তথ্য পাঠানোর পাশাপাশি বই নিয়ে সংবাদ বা পর্যালোচনা আহ্বান করা হচ্ছে।
সংবাদ বা পর্যালোচনা পাঠান: [email protected]
বইয়ের সব তথ্য দিয়ে লিংকে ক্লিক করে গুগল ফরমটিও পূরণ করুন।