ফেনী বন্ধুসভার পক্ষ থেকে অসচ্ছল পরিবারের শিশুশিক্ষার্থীরা খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার পেয়েছে। ২৫ অক্টোবর দুপুরে সদর উপজেলার ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উপহার দেওয়া হয়। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাহী সদস্য কামরুল জামান মজুমদার। বক্তব্য দেন ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু, সহকারী শিক্ষক সিরাজুল করিম ভূঁইয়া।
কামরুল জামান মজুমদার বলেন, ‘শিক্ষা জাতীর মেরুদণ্ড। শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। শিশু বয়সে তাদের মোবাইলে আসক্ত হতে দেওয়া যাবে না। প্রথম আলো অন্যান্য ভালো কাজের সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে সব সময় দাঁড়ায়। তারই ফলে আজকের আয়োজন। আজকের এই উপকরণগুলো শিক্ষার্থীদের সহায়তা করবে।’
ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা আক্তার ভানু বলেন, ‘পড়ালেখার পাশাপাশি সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করে। প্রথম আলো অতীতেও আমাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি করেছে। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য প্রথম আলোর কাছে আমরা কৃতজ্ঞ। আশা করছি, আগামীতেও এমন ধারা অব্যাহত রাখবে।’
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী বন্ধুসভার সভাপতি মো. ইব্রাহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী। অনুষ্ঠানে বন্ধুসভার যুগ্ম সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়া, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরী, বন্ধু আবদুল্লাহ মোহাম্মদ সাইমুমসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।
উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন বলে, ‘আমার জ্যামিতি বক্স না থাকায় গত পরীক্ষায় জ্যামিতিতে পুরো নাম্বার পাইনি। আপনাদের উপহার আমার অনেক উপকার হলো। সামনের পরীক্ষায় জ্যামিতি করায় আর সমস্যা হবে না। আশা করছি, আমি জ্যামিতিতে ভালো নাম্বার পাব।’
নতুন খাতা পেয়ে চোখে পানি চলে আসে তৃতীয় শ্রেণির দরিদ্র শিক্ষার্থী আইয়ুশ বর্ধনের। সে বলে, ‘আমার বাবা মুরগির খামারে কাজ করে। অতিরিক্ত খাতা না থাকায় বন্ধের দিনে বাড়ির কাজ (হোম ওয়ার্ক) শেষ করতে পারিনি। নতুন খাতায় এবার নিয়মিত বাড়ির কাজ শেষ করতে পারব।’
উপহার পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রথম আলো বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা