‘পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ বাড়াতে হবে। কেবল গাছ লাগালেই হবে না, গাছের যত্ন নিতে হবে, গাছকে বাঁচিয়ে রাখতে হবে।’
বাগেরহাট বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন উদ্দীপন বদর–সামছু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিপঙ্কর পাল। তিনি শিক্ষার্থীদের চারাগুলো নিজ নিজ বাড়িতে রোপণ করে যত্ন নেওয়ার আহ্বান জানান।
২৭ আগস্ট বাগেরহাট শহরতলির উদ্দীপন বদর–সামছু বিদ্যানিকেতনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কুলের ৬০০ শিক্ষার্থীর মধ্যে আমড়া ও নিমগাছের চারা বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা সামছউদ্দীন–নাহার ট্রাস্ট। এ সময় শিক্ষার্থীরা বাড়ির আঙিনায় গাছ রোপণের পর পরিবেশ রক্ষার অঙ্গীকার করে।
এ বিষয়ে বাগেরহাট বন্ধুসভার সভাপতি মাহমুদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের আগামী। মূল্যবোধ জাগাতে পারলে তারাই পরিবেশ সুরক্ষার প্রহরী হবে। শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় শপথ নিয়েছে, আমরা এমন উদ্যোগের মাধ্যমে এই চর্চা ছড়িয়ে দিতে চাই।’
শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে অর্ধশতাধিক ফল ও ফুলের চারা রোপণ করেন বন্ধুরা।
সামছউদ্দীন–নাহার ট্রাস্টের চিফ ফ্যাসিলিটেটর সুব্রত কুমার মুখার্জি বলেন, ‘দেশ হিসেবে যেমন বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে রয়েছে, তেমনি জেলা হিসেবে বাগেরহাট। বঙ্গোপসাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় প্রভাব এখন এই অঞ্চলে স্পষ্ট। সুন্দরবনসহ বিভিন্ন উপকূল উঁচু জোয়ারে প্লাবিত হচ্ছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এসবের মধ্যেও বন নিধনসহ প্রতিনিয়ত প্রাণপ্রকৃতি ধ্বংস করে চলেছি আমরা। তাতে মানুষ নানান রোগে আক্রান্ত হচ্ছে। পরিবেশ–প্রতিবেশ রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই।’
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বাগেরহাট প্রতিনিধি ইনজামামুল হক, উদ্দীপন বদর–সামছু বিদ্যানিকেতনের শিক্ষক রুবেল শেখ, উজ্জ্বল মল্লিক ও কাজী মুজাদ্দিলা, বাগেরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক ইমরান শিকদার, দপ্তর সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আশা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক নাফিজ রিশাদসহ বিদ্যালয়ের শিক্ষকেরা।
সাধারণ সম্পাদক, বাগেরহাট বন্ধুসভা