জাহাঙ্গীরনগর বন্ধুসভার সহযোগিতায় জাকসু রান ২০২৬
সবুজ ও লাল ইটের অনন্য ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ‘জাকসু রান ২০২৬’। ২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) আয়োজিত এই ইভেন্টে সার্বিক সহযোগিতায় ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
সকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে থেকে একযোগে শুরু হয় এই বর্ণাঢ্য রান। ক্যাম্পাসের নৈসর্গিক সড়কগুলোতে ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার—এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেন ছয় শতাধিক দৌড়বিদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী অপেশাদার ও পেশাদার রানারদের পদচারণে মুখরিত হয়ে ওঠে জাবি প্রাঙ্গণ।
ম্যারাথনের টাইটেল স্পনসর ছিল ডাবর জেনফ্রেশ। এ ছাড়া বিনোদন অংশীদার ফ্যান্টাসি কিংডম এবং আইসক্রিম পার্টনার ছিল পোলার আইসক্রিম। জাবি বন্ধুসভার পাশাপাশি ইভেন্ট সহযোগী ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটি। নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে দৌড় সম্পন্ন করা রানারদের মেডেল, সনদ ও উপহার প্রদান করা হয়।
প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার নিকটস্থ মহুয়া মঞ্চে এক জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘কেবল প্রাতিষ্ঠানিক পাঠ ও ফলাফলে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোরবেলার মুক্ত বাতাস ও সবুজ ক্যাম্পাসে এমন সুন্দর দৌড়ের আসর শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি দূর করে নতুন উদ্যমে ভরিয়ে তোলে। তরুণ সমাজকে মাদক ও অলসতা থেকে দূরে রেখে ইতিবাচক কাজে যুক্ত রাখতে জাকসুর এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সৈয়দ সালমান হাসান আয়োজনের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় তরুণদের সুস্থ দেহ ও সুন্দর মনের বিকাশে কাজ করে। জাকসুর এই চমৎকার উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ভোর থেকে ছয় শতাধিক রানারের মধ্যে যে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। শিক্ষার্থীদের সুস্থ জীবনধারা ও গঠনমূলক কাজের বিকাশে বন্ধুসভা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।’
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান, অ্যাভিয়েশন পেশাজীবী শাকিল মেরাজ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও রানার উৎসাহী রাজীব হোসেন, ডাবর বাংলাদেশের মার্কেটিং স্পেশালিস্ট ইসরাত জাহান ইরা এবং সাবেক জাকসু পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রাহমান। এ ছাড়া অনুষ্ঠানে জাকসুর নেতা, জাবি বন্ধুসভা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ১০ কিলোমিটার পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মিনহাজুল হাসান এবং প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে সাব্বির রহমান ও মো. লাদেন। ১০ কিলোমিটার নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন জান্নাতারা মুক্তি, প্রথম রানারআপ রেজোয়ানা পারভীন এবং দ্বিতীয় রানারআপ হন মনিরা ইসলাম।
পাঁচ কিলোমিটার ক্যাটাগরিতে সেরা তিনে স্থান করে নেন যথাক্রমে মোছা. জান্নাতুল ফেরদৌস (চ্যাম্পিয়ন), টাইটান তাংসাং (প্রথম রানারআপ) এবং মারজিয়া সুলতানা (দ্বিতীয় রানারআপ)।
পুরস্কার বিতরণ ও বিজয়ী রানারদের ফটোসেশনের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এ ক্রীড়াযজ্ঞ।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, জাবি বন্ধুসভা