‘মেধা আর ভালোবাসা দিয়ে দেশটাকে আগলে রেখো’

বরগুনায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাবিবুর রহমানছবি: বন্ধুসভা

‘১৯৭১ সালের সেই দিনগুলো কেবল যুদ্ধের ছিল না, ওটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই। ঘর ছাড়ার সময় জানতাম না ফিরব কি না, কিন্তু মনে ছিল এক অদম্য জেদ, দেশটাকে স্বাধীন করতেই হবে। আজও চোখ বুজলে সেই কাদামাখা পথ, সহযোদ্ধাদের মুখ আর বারুদের গন্ধ পাই। আমাদের হাতে অস্ত্র কম থাকলেও বুকে ছিল হিমালয় সমান সাহস। সেই সাহসেই আমরা হারিয়েছি এক সুসজ্জিত শত্রু বাহিনীকে।’

বরগুনায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে কথাগুলো বলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হাবিবুর রহমান। এ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধের কারণ শুধু একটা মানচিত্র বদল নয়, এটা ছিল শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে আমাদের আজন্মের প্রতিবাদ। আমরা লড়াই করেছি এমন একটা দেশের জন্য, যেখানে সবাই সমান অধিকারে বাস করবে। আজ নতুন প্রজন্মের কাছে একটাই অনুরোধ, এই লাল-সবুজের পতাকাকে সম্মান করবে। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, তোমরা মেধা আর ভালোবাসা দিয়ে এই দেশটাকে আগলে রেখো। শহীদের রক্ত যেন বৃথা না যায়।’

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা
ছবি: বন্ধুসভা

‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে গত ৩১ মার্চ বেলা ১১টায় বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ে এই অলিম্পিয়াডের আয়োজন করে বরগুনা বন্ধুসভা। এতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মুক্তিযুদ্ধবিষয়ক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বরগুনায় ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২৬’–এ বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরা
ছবি: বন্ধুসভা

প্রথম হয়েছে ইব্রাহিম, দ্বিতীয় তাহসিনা মনি, তৃতীয় মো. তামিম, চতুর্থ আরিফা আক্তার ও পঞ্চম হয়েছে মন্দিরা দেবী। সবাই ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পুরস্কার হিসেবে তাদের হাতে মুক্তিযুদ্ধবিষয়ক বই তুলে দেন অতিথিরা।

ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক, বরগুনা বন্ধুসভার সাধারণ সম্পাদক তানিয়া ইভা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুন্নাসহ অন্য বন্ধুরা।

সভাপতি, বরগুনা বন্ধুসভা