আমরা চাই শিশুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়

সাতক্ষীরা বন্ধুসভার ভার্চ্যুয়াল সাংগঠনিক সভা।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সাতক্ষীরা বন্ধুসভা। এ উপলক্ষে ৪ মার্চ রাত ১০টায় এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় বন্ধুসভার বন্ধুরা কর্মসূচির সফল বাস্তবায়নে নিজ নিজ পরিকল্পনা ও গঠনমূলক মতামত তুলে ধরেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিগগিরই মাঠপর্যায়ে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সভাপতিত্ব করেন সহসভাপতি রাহাতুল ইসলাম। তিনি বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ পূর্ণতা পায় সবার সঙ্গে ভাগ করে নিলে। বন্ধুসভার মূল লক্ষ্যই হলো মানবিক কাজের মাধ্যমে সমাজের পাশে দাঁড়ানো। আমরা চাই শিশুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবারের “সহমর্মিতার ঈদ” আরও বেশি প্রাণবন্ত হবে বলে বিশ্বাস করি।’

সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ্‌ সঞ্চালনায় সভায় সাংগঠনিক দিকনির্দেশনা দেন সাংগঠনিক সম্পাদক করিমন নেছা। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা প্রতিবারই চেষ্টা করি, সুশৃঙ্খলভাবে প্রকৃত অভাবী মানুষের কাছে আমাদের ভালোবাসা পৌঁছে দিতে। এবারের ইভেন্টটি সফল করতে আমরা ইতিমধ্যে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। আমাদের কার্যক্রমকে গতিশীল করতে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি।’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, অর্থ সম্পাদক জান্নাত আলম, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক ইফতি জামিল, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শারমিন আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তানভির আহমেদ, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন ও হোসেন আলী।

সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা