কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বহুল পঠিত গ্রন্থ ‘গৌরীপুর জংশন’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৩০ জানুয়ারি বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজের আমতলা প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
আলোচনায় উপন্যাসটির কাহিনি, চরিত্রের মনস্তত্ত্ব, মানবিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং জীবনঘনিষ্ঠ উপস্থাপন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা হয়। বক্তারা বলেন, এই গ্রন্থে মানুষের স্বপ্ন, হতাশা, ভালোবাসা ও সংগ্রামের বাস্তবচিত্র অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরা হয়েছে।
আলোচকেরা আরও বলেন, হুমায়ূন আহমেদের লেখনী সহজ ও প্রাঞ্জল হলেও তা গভীর জীবনবোধে সমৃদ্ধ। তিনি সাধারণ মানুষের অনুভূতি ও বাস্তবতাকে অসাধারণ দক্ষতায় সাহিত্যে রূপ দিয়েছেন। ‘গৌরীপুর জংশন’ তারই একটি উৎকৃষ্ট উদাহরণ।
পাঠচক্রে লেখকের সাহিত্যভাবনা ও চিন্তাদর্শন নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, তিনি বাংলা সাহিত্যে জনপ্রিয়তা ও সাহিত্যমানের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছেন, যা পাঠকদের বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা