মাদারীপুরে লিভার ক্যানসারে আক্রান্ত অসচ্ছল সাজেদা বেগমের (৫৫) পাশে দাঁড়িয়েছে প্রথম আলো বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সাজেদার বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন বন্ধুসভার সদস্যরা। এ সময় তাঁর চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
১৯ মার্চ জেলা শহরের লেকপাড় এলাকায় সাজেদা বেগমের অস্থায়ী বাড়িতে গিয়ে এ উপহার পৌঁছে দেন বন্ধুরা। এ সময় বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর পরিবার।
মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়া বলেন, ‘সাজেদা বেগম দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত। তাঁর কেমোথেরাপি চলছে। তাঁর এক ছেলে লেকপাড়ে চা বিক্রি করে। ছেলে মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে সংগ্রাম করে যাচ্ছে। বিষয়টি আমাদের নজরে এলে আমরা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে সাজেদা বেগমের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা প্রদান করেছেন। এ ছাড়া ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারটির জন্য খাদ্যসামগ্রী কিনে দিয়েছি।’ মানবিক কাজের অংশ হিসেবে সাজেদার পাশে ভবিষ্যতেও বন্ধুসভা থাকবে বলে জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সোহেল রানা, অজয় কুন্ডু, বন্ধুসভার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহসভাপতি শাহাদাত আকন, অর্থ সম্পাদক আন্না আক্তার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরুল হাসান, বন্ধু সুবর্ণা হাই হীরা, ইরান শিকদার প্রমুখ।