‘তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। মাদক কেবল একটি জীবন বা একটি পরিবারকে ধ্বংস করে না, এটি পুরো সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। দিন দিন মাদকের যে ভয়াবহ থাবা আমরা সমাজে দেখছি, তা রুখতে কেবল আইন নয়, প্রয়োজন তীব্র সামাজিক সচেতনতা। আমরা চাই না, আমাদের ভৈরবের কোনো তরুণ, কোনো শিক্ষার্থী এই অন্ধকারের পথে পা বাড়াক। তাই সুস্থ ও সুন্দর সমাজ গড়তে তরুণদের আজ থেকেই মাদককে চিরকাল “না” বলতে হবে।’
ভৈরব বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের আহ্বানে দেশব্যাপী একযোগে মানববন্ধনে অংশ নেয় বন্ধুসভা। ২৬ জুন বিকেলে ভৈরব উদয়ন স্কুলের সামনে আমলাপাড়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে ভৈরবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গুণীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও সচেতনতামূলক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মানববন্ধনে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি ভৈরব শাখা, অ্যামবিশন পাবলিক স্কুল, ভৈরব আইডিয়াল স্কুল, ব্লু-বার্ড স্কুল, ভৈরব উদয়ন স্কুল এবং অগ্নিবীণা মডেল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতি ছিল। বিদ্যালয়ের শিক্ষকেরা বন্ধুসভার এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, ‘তরুণদের মাদক থেকে দূরে রাখতে হলে পড়াশোনার পাশাপাশি বই পড়া, সাংস্কৃতিক ও সুস্থ সামাজিক চর্চায় যুক্ত করা অত্যন্ত জরুরি।’
বক্তব্য দেন নাট্যসংগঠক সাগর রহমান, প্রথম আলো ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও সরকারি আদিয়াবাদ ইসলামিয়া কলেজের প্রভাষক ইমরান হোসাইনসহ অন্যরা।
কর্মসূচির শেষে উপস্থিত সব শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনকে মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ভৈরব বন্ধুসভার সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস, সভাপতি জান্নাতুল মিশুসহ অন্যরা।