শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ নিয়ে পাঠচক্রের আসর

খুলনা বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: দ্বীপ মণ্ডল

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘শ্রীকান্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে খুলনা বন্ধুসভা। ৩১ জুলাই বিকেলে প্রথম আলো খুলনা অফিসে এটি অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক ফারজানা যুথির সঞ্চালনায় পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির প্রথম খণ্ড পড়ে তা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। আলোচনায় ‘শ্রীকান্ত’–এর কাহিনি, চরিত্র, মানবিক মূল্যবোধ, ভ্রমণ ও সমাজবাস্তবতার বিভিন্ন দিক উঠে আসে। বন্ধুরা নিজেদের পাঠ-অনুভূতি ও উপলব্ধি ভাগাভাগি করেন। উপন্যাসটির সাহিত্য–গুরুত্ব এবং বর্তমান সময়েও এর প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা হয়।

বন্ধু সুদীপ্ত রায় বলেন, ‘শ্রীকান্ত’–এর প্রথম খণ্ড পড়ে মনে হয়েছে, এটি শুধু একটি উপন্যাস নয়; বরং জীবনকে নতুনভাবে দেখার একটি জানালা, প্রতিটি চরিত্র নতুন কিছুকে আবিষ্কার করেছে।

খুলনা বন্ধুসভার পাঠচক্রের আসর
ছবি: দ্বীপ মণ্ডল

বন্ধু আল কাফি মৃদুল বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ বাংলার যাযাবর মনের এক চিরন্তন স্মৃতিকথামূলক উপন্যাস; যেখানে সমাজের উপেক্ষিত মানুষের জীবন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা সুন্দরভাবে ফুটে উঠেছে। শ্রীকান্তের সরল বর্ণনা এবং ইন্দ্রনাথের মতো সাহসী চরিত্রের উপস্থিতি উপন্যাসটিকে এক অনন্য উচ্চতা দিয়েছে। প্রচলিত সমাজব্যবস্থার বাইরে মানুষের মনের সত্য ও অনুভূতির এক অপূর্ব দলিল হলো ‘শ্রীকান্ত’।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি হাফিজুর রহমান ও দীপু রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমাতুল্লাহ ও ইমন মিয়া, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, বন্ধু আবু হানিফা, শুভজিৎ সরকার, রেদোয়ান ইসলাম, রমজান মাহমুদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা