রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাজগুলোর সম্মিলন ‘সঞ্চয়িতা’

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

‘আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!’
—রবীন্দ্রনাথ ঠাকুর: নির্ঝরের স্বপ্নভঙ্গ

বাংলা সাহিত্যের আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক বিশাল মহিরুহ; আর সেই মহিরুহের শ্রেষ্ঠ ফলগুলোর নির্যাস যদি একটি পাত্রে পেতে হয়, তবে তার নাম ‘সঞ্চয়িতা’। আট দশক ধরে বাঙালির বসার ঘর থেকে শুরু করে শিক্ষার্থীর ব্যাগ—সর্বত্র এই বইটির আধিপত্য অমলিন।

‘সঞ্চয়িতা’র সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর নির্বাচন। কবিগুরু নিজেই তাঁর দীর্ঘ কাব্যজীবনের শ্রেষ্ঠ কাজগুলোকে এখানে ঠাঁই দিয়েছেন। ‘সন্ধ্যাসঙ্গীত’ ও ‘প্রভাতসঙ্গীত’-এর অপরিণত কিন্তু অমিত সম্ভাবনাময় পঙ্‌ক্তি থেকে শুরু করে ‘বলাকা’র গতিময়তা কিংবা ‘শেষ লেখা’র গূঢ় দার্শনিকতা—সবই এক মলাটে বন্দী। একজন কবি কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে গড়েছেন, তার বিবর্তন বুঝতে এই গ্রন্থের কোনো বিকল্প নেই।

বইটির পাতা ওলটালে দেখা যায় রবীন্দ্রমানসের এক বিশাল ক্যানভাস। এতে যেমন আছে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’-এর মতো জাগরণের সুর, তেমনি আছে ‘মানসী’ বা ‘সোনার তরী’র নিবিড় প্রেম ও প্রকৃতি চেতনা। আবার ‘গীতাঞ্জলি’র ভক্তিগীতি কিংবা ‘নৈবেদ্য’র আধ্যাত্মিক আর্তি পাঠককে এক জাগতিক ঊর্ধ্বে নিয়ে যায়। সাম্য ও ন্যায়ের প্রশ্নে কবির কঠোর অবস্থান ফুটে ওঠে ‘গান্ধারীর আবেদন’ বা ‘প্রশ্ন’র মতো কবিতায়। এখানে যেমন ব্যক্তিগত রোমান্টিকতা আছে, তেমনি আছে কঠোর সামাজিক দায়বদ্ধতা। রবীন্দ্রনাথ স্বয়ং তাঁর শ্রেষ্ঠ কাজগুলো বাছাই করেছেন বলেই এটি কেবল পাঠযোগ্য কবিতার সমষ্টি থাকেনি, বরং হয়ে উঠেছে এক অনন্য সাহিত্যিক দলিল। এর প্রতিটি অধ্যায়ে আমরা দেখি ভাষার রূপান্তর—কাব্যিক অলংকার থেকে মুক্তি পেয়ে কীভাবে তিনি শেষ জীবনে গদ্যকবিতার নির্মেদ ও নিরাভরণ শৈলীতে পৌঁছালেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ ‘সঞ্চয়িতা’ নিয়ে সুনামগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর।

আজ ২৫শে বৈশাখ। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী। সুনামগঞ্জ বন্ধুসভার বন্ধুরা দিনটি স্মরণে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে ‘সঞ্চয়িতা’ বইটি নিয়ে পাঠচক্রের আসর করেছেন। পাঠচক্রে ‘দৃষ্টি’, ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’, ‘মানসী’, ‘সোনার তরী’, ‘পরিচয়’, ‘খেয়া’ ও ‘দুই বিঘা জমি’ কবিতাসহ আরও কিছু কবিতা পাঠ ও সারকথা পর্যালোচনা করা হয়।

পাঠচক্রে উপস্থিত ছিলেন বন্ধুসভার দুর্যোগ ও ত্রাণ সম্পাদক প্রদীপ পাল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক, যুগ্ম সাধারণ সম্পাদক শবনম দ্দোজা, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নূরজাহান আক্তার, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শাহজাহান আলম, অর্থ সম্পাদক দীপ্ত তালুকদার, বন্ধু দুর্জয় তালুকদার ও সাফওয়ান হাসান।

সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা