প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘বৃষ্টি বিলাস’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোবিপ্রবি বন্ধুসভা। ১৪ এপ্রিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
‘বৃষ্টি বিলাস’ নাম শুনলেই মনে হয় বৃষ্টি আর ভালোবাসায় ভেজা এক রোমান্টিক গল্পের কথা; কিন্তু বাস্তবে এটি এক ভিন্নধর্মী, গভীর অনুভূতির উপন্যাস। গল্পে আতাউর রহমান নামের এক চরিত্রের মাধ্যমে মানুষের মানসিক জটিলতা ও ট্রমার বিষয়টি তুলে ধরেছেন লেখক।
শৈশবে বৃষ্টির দিনে নিজের বাবার নির্মম হত্যাকাণ্ড প্রত্যক্ষ করার পর থেকেই আতাউর রহমানের মনে তৈরি হয় এক গভীর আতঙ্ক। ফলে বৃষ্টি নামলেই তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক। এ অবস্থার মধ্যেই তার সঙ্গে বিয়ের সম্পর্ক তৈরি হয় শ্যামার, যা পরে ভেঙে যায়। তবু শ্যামার মনে অদ্ভুত এক টান থেকে যায় আতাউর রহমানের প্রতি।
ভালোবাসা, সহানুভূতি, মানসিক টানাপোড়েন এবং না-পাওয়ার এক নীরব আকাঙ্ক্ষা—সব মিলিয়ে ‘বৃষ্টি বিলাস’ একটি গভীর আবেগঘন উপন্যাস। লেখক অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় মধ্যবিত্তের জীবনের বাস্তবতা ও মানুষের সূক্ষ্ম অনুভূতিগুলো তুলে ধরেছেন।
সাধারণ সম্পাদক সানজিদ মুনতাসীর বলেন, ‘পাঠচক্র শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তাশক্তি, অনুভূতি এবং মানবিকতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার অর্থ সম্পাদক রেহেনা আক্তার, প্রচার সম্পাদক ফজল হোসেন, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক শারমিন আক্তারসহ ১৫ জন বন্ধু।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা