সিলেট বন্ধুসভার পাঠচক্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’

সিলেট বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: জামিউল হাসান

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ‘আরণ্যক’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে সিলেট বন্ধুসভা। ১৭ জুলাই বিকেলে প্রথম আলো সিলেট অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

‘আরণ্যক’ উপন্যাসটি শহুরে যুবক সত্যচরণকে ঘিরে। মধ্যবিত্ত পরিবারের সন্তান সত্যচরণ বিএ পাস করে বেকার; পথে পথে ঘোরে আর চাকরি খোঁজে। এমন সময় বন্ধু অবিনাশের সাহায্যে চাকরি হয় বিহারের পূর্ণিয়া জেলার জঙ্গলমহালে। শহুরে চাকচিক্যের ভিড়ে থাকা সত্যচরণের কাছে এ এক নতুন দুনিয়া; শহর কলকাতার থিয়েটার, আড্ডা একদিকে, আর অন্যদিকে প্রত্যন্ত এক জঙ্গল, যেখানে কেউ ঠিকমতো বাংলাও বলতে পারে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একসময় বনের নীরবতাই আচ্ছন্ন করে ফেলে সত্যচরণকে।

লেখক উপন্যাসটির মাধ্যমে পাঠকের সঙ্গে প্রকৃতির এক নিবিড় সম্পর্কে গড়ে তোলেন। একদিকে সত্যচরণের দৃষ্টিতে পুরো বনাঞ্চল, অন্যদিকে অরণ্যের সুর, ধ্বনি—সব যেন কানে বাজে পাঠকের। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের এক পর্যায়ে একটি এস্টেটের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। সত্যচরণ যেন লেখকের জীবনেরই একটি অংশ।

পাঠ পর্যালোচনায় বন্ধু অম্লান রায় বলেন, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই উপন্যাসে প্রকৃতির ধীর ও মন্থরতাকে তুলে ধরার পাশাপাশি ওই এলাকার মানুষের জীবনধারাকেও চিত্রায়িত করেছেন।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, প্রণব চৌধুরী, প্রত্যাশা তালুকদার, জামিউল হাসান, সফিউল ইসলাম, আজিজ বিন আহম্মদ, অলক সরকারসহ অনেকে।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা