ঈদের উপহার পেয়ে মাঝেরচরের শিশুদের উচ্ছ্বাস

হরিণচওড়া মাঝেরচরের শিশুদের রংপুর বন্ধুসভার পক্ষ থেকে ঈদের উপহার
ছবি: বন্ধুসভা

চারপাশে তিস্তা নদী, মাঝখানে জেগে উঠেছে চর। নদীর মাঝখানে হওয়ায় স্থানীয় লোকজন নাম দিয়েছে মাঝেরচর। ভৌগোলিকভাবে লালমনিরহাট সদরের অন্তর্গত হলেও হরিণচওড়া মাঝেরচরের দুই শ পরিবারের মানুষের যোগাযোগ রংপুরের হারাগাছকেন্দ্রিক। বর্ষাকালে একমাত্র যোগাযোগমাধ্যম নৌকা আর শুষ্ক মৌসুমে গরু বা ঘোড়ার গাড়ি। যোগাযোগ সমস্যার জন্য চরে গড়ে ওঠেনি স্কুল, হাসপাতাল, পৌঁছায় না স্বাস্থ্যসেবা। তাই শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত চরের মানুষেরা।

চরের যোগাযোগ বাধাকে অতিক্রম করেছে রংপুর বন্ধুসভা। চরের মানুষের কাছে পৌঁছে দিয়েছে ত্রাণ সহায়তা, প্রতিষ্ঠা করেছে ‘আলোর পাঠশালা’ নামে ভ্রাম্যমাণ স্কুল। শুরুতে শুধু শনিবার পাঠদানের কথা থাকলেও বর্তমানে কিছু স্থানীয় তরুণ-তরুণীর সহায়তায় সপ্তাহে ছয় দিনই চালু রয়েছে আলোর পাঠশালার শিক্ষা কার্যক্রম।

১৪ মার্চ আলোর পাঠশালার শিশুদের নিয়ে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে রংপুর বন্ধুসভা। শিশুদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হয়।

হরিণচওড়া মাঝেরচরের শিশুদের রংপুর বন্ধুসভার পক্ষ থেকে ঈদের উপহার
ছবি: বন্ধুসভা

শিশুদের মাঝে রঙিন জামা বিতরণ
ঈদে নতুন জামা সব শিশুরই শখ। কিন্তু তিস্তার ভাঙন আর অভাবের কারণে চরের অনেক পরিবারের পক্ষেই নতুন পোশাক কেনা সম্ভব হয় না। শিশুদের সেই অভাব দূর করতে এগিয়ে এসেছে রংপুর বন্ধুসভা।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে চরের ৬০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন রঙিন জামা, প্যান্ট ও ফ্রক। নতুন পোশাক পেয়ে খুশিতে মেতে ওঠে শিশুরা। খুশিতে উচ্ছ্বসিত জান্নাতি আখতার বলে, ‘জামা পাইছি। ঈদ ঈদ লাগছে।’

চরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছকিম উদ্দিন বলেন, ‘এই চরোত কোনো বিদ্যালয় নাই। এখানকার শিশুরা শিক্ষাবঞ্চিত। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা এখানে এসে আলোর পাঠশালা করেছে। তারা শিশুদের পড়াচ্ছে। শীতের সময় কম্বল দিছে। এবার নতুন জামাকাপড় দিল। বাচ্চারা খুব খুশি।’

হরিণচওড়া মাঝেরচরের শিশুদের রংপুর বন্ধুসভার পক্ষ থেকে ঈদের উপহার
ছবি: বন্ধুসভা

চরের কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিবছর তাঁরা বন্যা ও নদীভাঙনের শিকার হচ্ছেন। ফলে তাঁদের অর্থনৈতিক সামর্থ্য কম। পরিবারের অন্যান্য খরচ জোগাতে গিয়ে ঈদ কেনাকাটা এখনো করেনি অনেক পরিবার। শিশুদের ঈদ উপহার দেওয়ায় তাঁরা খুশি

ঈদ উপহার বিতরণের আগে বীর মুক্তিযোদ্ধা ছকিম উদ্দিনের সভাপতিত্বে আলোর পাঠশালার অভিভাবক ও স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন বন্ধুসভার সদস্যরা।

মতবিনিময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়য়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, ‘প্রথম আলো রংপুর বন্ধুসভা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। এখানে যেন বিদ্যালয়ের পাশাপাশি কলেজ গড়ে ওঠে, সে জন্য সহযোগিতা করতে চাই। এই চরের একটি শিশুও যেন আগামী দিনে শিক্ষা বঞ্চিত না হয় সে জন্য আমরা সবাই এই উদ্যোগের পাশে থাকতে চাই।’

হরিণচওড়া মাঝেরচরের শিশুদের রংপুর বন্ধুসভার পক্ষ থেকে ঈদের উপহার
ছবি: বন্ধুসভা

চরাঞ্চলের শিশুদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা মাহামুদুল হক। এ সময় অন্যদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বন্ধুসভার উপদেষ্টা খাইরুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান, ফটো সাংবাদিক মঈনুল ইসলাম, বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপ্ত তালুকদারসহ অন্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবক ও শিক্ষকদের ঈদ উপহার
আলোর পাঠশালার যাত্রা শুরুর পর শিক্ষার্থীদের প্রবল আগ্রহ ও অভিভাবকদের প্রত্যাশা পূরণে বর্তমানে সপ্তাহে ছয় দিনই পাঠদান চলছে। দুর্গম চরের এই শিক্ষা কার্যক্রম সচল রেখেছেন স্থানীয় পাঁচজন উদ্যমী তরুণ-তরুণী। তাঁরা নিভৃতে বন্ধুসভার সঙ্গে সহযাত্রী হিসেবে কাজ করছেন।

এই মানবিক ও স্বেচ্ছাসেবী শিক্ষকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছে রংপুর বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ আয়োজনের অংশ হিসেবে তাঁদের পাঞ্জাবি ও থ্রি-পিস উপহার দেওয়া হয়। চরের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাঁদের এই নিঃস্বার্থ পরিশ্রমকে সম্মান জানাতেই বন্ধুসভার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আলোর পাঠশালার শিক্ষকদের ঈদ উপহার
ছবি: বন্ধুসভা

শিশুদের হাত রাঙাতে মেহেদি উৎসব
রঙিন জামার পর শিশুদের অন্যতম চাহিদা ঈদের মেহেদি। মেহেদির রাঙা হাত শিশুদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। আলোর পাঠশালার শিশুদের নিয়ে সহমর্মিতার ঈদের দ্বিতীয় ধাপে মেহেদি উৎসব করেছে রংপুর বন্ধুসভা।

১৭ মার্চ শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা। পরে শিশুদের একটি করে মেহেদি উপহার দেওয়া হয়। হাতে মেহেদি পরার পর লামিয়া আনন্দের স্বরে বলে, ‘হাতের ফুলটা অনেক সুন্দর হইছে। যেই মেহেদি তোমরা দিয়েছ ওইটা দিয়ে ঈদের দিন আরেক হাতেও দিব।’

শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা
শিশুদের রঙিন ঈদ কার্ড উপহার
ছবি: বন্ধুসভা

শিশুরা পেল ঈদ কার্ড
শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে রংপুর বন্ধুসভার পক্ষ থেকে রঙিন ঈদ কার্ড বিতরণ করা হয়। প্রতিটি কার্ডে শিশুদের নাম লেখা থাকায় তাদের মাঝে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়। নিজের নামসংবলিত এই উপহার পেয়ে চরের সুবিধাবঞ্চিত শিশুরা দারুণ খুশি হয়।

শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চরের গণ্যমান্য ব্যক্তি ও বন্ধুসভার সদস্যরা মিলে চরে ইফতার করেন। এতে করে চরের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পায়। এ ছাড়া শিশুদের মাঝে জুস, ডাল ভাজা, ঝাল মুড়ি বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক, রংপুর বন্ধুসভা