ছোটগল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’ নিয়ে পাঠচক্রের আসর

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

‘আত্মজা’ শব্দের আক্ষরিক অর্থ মেয়ে এবং ‘করবী’ হলো একটি ফুল গাছের নাম, যা এখানে আত্মহননের রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ‘আত্মজা ও একটি করবী গাছ’ ছোটগল্পে ফুটে উঠেছে একটি সর্বহারা উদ্বাস্তু পরিবারের করুণ পরিণতির কাহিনি।

দেশবরেণ্য কথাসাহিত্যিক ও সাহিত্যরত্ন উপাধিপ্রাপ্ত হাসান আজিজুল হকের বিখ্যাত এই ছোটগল্প নিয়ে পাঠচক্রের আসর করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৯ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

শুরুতে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মুয়াজ্জিন হোসাইন গল্পটির সামগ্রিক পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, ‘সময়ের ব্যবধান থাকলেও বর্তমান প্রেক্ষাপটেও গল্পটির মর্মবাণীর প্রাসঙ্গিকতা রয়েছে। বিশ্বজুড়ে উদ্বাস্তু সমস্যা আজও ক্রমবর্ধমান, ফলে গল্পটির আবেদন এখনো অম্লান।’

সাধারণ সম্পাদক বাঁধন রায় বলেন, ‘নিজ জন্মভূমি ও ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু পরিবারগুলো যে বিভীষিকাময় ও দুর্বিষহ জীবন যাপন করতে বাধ্য হয়, লেখক তা অত্যন্ত নির্মোহভাবে এই গল্পে ফুটিয়ে তুলেছেন। রোহিঙ্গা সংকট এ বাস্তবতার একটি প্রত্যক্ষ উদাহরণ।’

পাঠ আলোচনায় আরও অংশ নেন সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক ইফফাত আরা ইনাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফিসহ অন্য সদস্যরা।

পাঠচক্র শেষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সদস্যদের নবীনবরণ উপলক্ষে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা