চট্টগ্রাম বন্ধুসভার পাঠচক্রে ‘জীবন আমার বোন’

চট্টগ্রাম বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

কথাসাহিত্যিক মাহমুদুল হকের কালজয়ী উপন্যাস ‘জীবন আমার বোন’। একাত্তরের উত্তাল মার্চ, যুদ্ধের পদধ্বনি আর তার বিপরীতে এক তরুণের নির্লিপ্ত ব্যক্তিগত জগতের টানাপোড়েন—সব মিলিয়ে এ এক অনন্য আখ্যান। উপন্যাসটি নিয়ে ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর করেছে চট্টগ্রাম বন্ধুসভা। ১৩ ফেব্রুয়ারি গুগল মিট অ্যাপে এটি অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বন্ধুসভার নিয়মিত আয়োজন ‘হিরণ্ময় কথকতা’ সিরিজ পাঠচক্রের এটি ছিল ২৭তম পর্ব। প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস।

সঞ্জয় বিশ্বাস বলেন, মাহমুদুল হক বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক। ‘জীবন আমার বোন’ উপন্যাসে তিনি ১৯৭১ সালের উত্তাল মার্চের প্রেক্ষাপটে ‘খোকা’ নামের এক তরুণের নির্লিপ্ত ও আত্মকেন্দ্রিক জীবন নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। যখন পুরো দেশ স্বাধীনতার আন্দোলনে উত্তাল, খোকা তখনো নিজের ব্যক্তিগত আবেগ আর মনস্তাত্ত্বিক টানাপোড়েনে মগ্ন।

চট্টগ্রাম বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

আলোচনায় উঠে আসে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র খোকার জীবনের জটিল সমীকরণগুলো। ছোট বোন রুনুর প্রতি তার মমতা, বড় ভাইয়ের স্ত্রী নীলার প্রতি অস্পষ্ট এক মোহ এবং যুদ্ধের ভয়াবহতায় সেই সাজানো জগতের তছনছ হয়ে যাওয়ার গল্প।

সঞ্জয় বিশ্বাস বলেন, ২৫ মার্চের কালরাত্রে রুনুর নিখোঁজ হওয়ার ট্র্যাজেডি খোকাকে এক নিষ্ঠুর সত্যের মুখোমুখি করে যে জাতীয় বিপর্যয় থেকে কোনো ব্যক্তিরই একাকী নিষ্কৃতি নেই।

সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, বইটি পড়ে মনে হয়েছে, লেখক এখানে প্রথাগত যুদ্ধের গল্পের চেয়ে সেই সময়ের মানুষের মনস্তত্ত্বকে বেশি গুরুত্ব দিয়েছেন। মাহমুদুল হকের সাবলীল বর্ণনা ও শব্দচয়ন পাঠককে মোহাবিষ্ট করে রাখে।

চট্টগ্রাম বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরীর সঞ্চালনায় পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সভাপতি রুমিলা বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত বড়ুয়া, প্রচার সম্পাদক সাকিব জিশান, বন্ধু ওয়াসিম আকরামসহ অন্য বন্ধুরা।

পাঠচক্র শেষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন নুরুজ্জামান খান, আফিফ ইব্রাহীম ও ওয়াসিম আকরাম।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা