প্রত্যেক মানুষের জীবন ও মর্যাদার মূল্য আছে

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ছোটগল্প ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৭ জুলাই বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

‘বাউন্ডেলের আত্মকাহিনী’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত ছোটগল্প। এটি ১৯১৯ সালে সওগাত পত্রিকায় প্রকাশিত হয় এবং এর মাধ্যমেই তাঁর সাহিত্যজীবনের সূচনা ঘটে। গল্পটিতে একজন বাউন্ডেলে বা ভবঘুরে মানুষের জীবন, তার স্বাধীনচেতা মনোভাব, দুঃখ-কষ্ট ও জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। সমাজের অবহেলা সত্ত্বেও সে নিজের স্বাধীনতা ও আত্মমর্যাদা বজায় রেখে জীবন কাটাতে চায়।

পাঠচক্র শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

গল্পটির মূল বক্তব্য হলো প্রত্যেক মানুষের জীবন ও মর্যাদার মূল্য আছে। সমাজ যাকে অবহেলা করে, তারও অনুভূতি, স্বপ্ন ও মানবিকতা রয়েছে। ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ কাজী নজরুল ইসলামের মানবতাবাদী ও স্বাধীনচেতা চিন্তার পরিচয় বহন করে। এটি বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ছোটগল্প এবং নজরুলের সাহিত্যজীবনের সূচনাকারী রচনা।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জোবাইর আহম্মদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়, বইমেলা সম্পাদক নাইমুল শাকিলসহ বন্ধুসভার অন্য সদস্যরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, জামালপুর বন্ধুসভা