‘যেকোনো প্রতিযোগিতা মানুষের মেধার বিকাশ ঘটায়। বর্তমান প্রেক্ষাপটে খেলাধুলার পাশাপাশি প্রতিযোগিতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মাদক ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করবে। মনে রাখতে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার চেষ্টা করে ব্যর্থ হলেও হাল ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। তাহলেই সফলতা আসবে। এই অনলাইন প্রেজেন্টেশন প্রতিযোগিতাও বর্তমান সময়ে একটি অনন্য উদ্যোগ। এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে।’
১৮ এপ্রিল বিকেলে কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘অনলাইন প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম। যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে কুমিল্লা আইডিয়াল কলেজ ও কুমিল্লা বন্ধুসভা। আয়োজন সহযোগী হিসেবে ছিল স্বপ্নজোড়া সামাজিক সংগঠন, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপ ও উদ্যমী ইউথ নেটওয়ার্ক।
এমন উদ্ভাবনী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামছুল ইসলাম বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থীর মূল উদ্দেশ্য থাকবে আদর্শ মানুষ হওয়া। অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে; আপনার সন্তান কী করছে, এর খোঁজ রাখতে হবে। সময় দিতে হবে সন্তানদের। মনে রাখবেন, সবার আগে পারিবারিক শিক্ষা, তারপর প্রাতিষ্ঠানিক শিক্ষা।’
‘শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং ডিজিটাল দক্ষতা ও সৃজনশীল উপস্থাপনায় পারদর্শী হতে হবে। এখনকার শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিযোগিতাগুলো দারুণ ভূমিকা রাখে। অনলাইন প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নতুন কিছু শিখছে, তেমনি তাদের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠছে,’ যোগ করেন শামছুল ইসলাম।
কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি এম মনিরুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তার ও প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান।
অধ্যাপক জি এম মনিরুজ্জামান বলেন, ‘এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুপ্ত প্রতিভা বেরিয়ে এসেছে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সাফল্য দেখাবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ইমরান হোসাইন।
১৫ দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং উন্মুক্ত— এই পাঁচ ক্যাটাগরিতে ১১৫ জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিজয়ী ৩৭ জনের হাতে ক্রেস্ট, উপহার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এ সময় বিজয়ীদের আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভাপতি, কুমিল্লা বন্ধুসভা