যশোর বন্ধুসভার নতুন কমিটির অভিষেক ও আনন্দভ্রমণ
‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য’— আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা বাক্যটি যশোর বন্ধুসভার ইতিহাসে বাস্তব রূপে ফুটে উঠেছিল ফুলের রাজ্য গদখালীর প্রাঙ্গণে। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ফুলের রাজ্য বা ‘ফুলের রাজধানী’ হিসেবে পরিচিত। সেখানে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় যশোর বন্ধুসভা ২০২৬ কার্যনির্বাহী কমিটির অভিষেক ও আনন্দভ্রমণ।
গন্তব্যের উদ্দেশ্যে সকাল ৯টায় প্রথম আলো যশোর অফিসের সামনে থেকে বন্ধুরা বাসযোগে রওনা হয়। বাসের ভেতরেই প্রাতরাশ সম্পন্ন করেন সবাই। ভরপুর আনন্দ–আড্ডার পর বাস পৌঁছায় বিখ্যাত লেখক, চিন্তাবিদ ও সমাজসংস্কারক আবুল হুসেনের পৈতৃক বাসভবন গদখালীর পানিসারাতে।
আবুল হুসেন বুদ্ধির মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করেন। সেখানে তাঁর জীবনীর ওপর পাঠচক্র এবং সমাধি পরিদর্শন করা হয়। কবরে মোটা অক্ষরে লেখা ছিল তাঁর আলোড়ন সৃষ্টিকারী বাক্যটি, ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।’
তৎকালীন শিখা পত্রিকার প্রতিটি পাতায় লেখা থাকত উক্তিটি।
পাঠচক্র শেষে সবাই হারিয়ে যায় ফুলের রাজ্যে ফটোসেশন ও ডকুমেন্টারির উদ্দেশ্যে। কথা হয় সেখানকার ফুলচাষিদের সঙ্গে। এরপর মধ্যাহ্নভোজ সম্পন্ন হবার পর শুরু হয় অভিষেক অনুষ্ঠান। লাকী রানী কাপুড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপদেষ্টা মনিরুল ইসলাম। তিনি ঘোষণা করেন যশোর বন্ধুসভা ২০২৬ কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোর কলেজের প্রভাষক লাকি রানী কাপুড়িয়া এবং সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহসভাপতি মোয়াজ্জেম হোসেন ও মনিরা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও ফয়সাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান, অর্থ সম্পাদক বাবুল হোসাইন, দপ্তর সম্পাদক নুরুন্নবী হৃদয়, প্রচার সম্পাদক নুরুন নবী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান, সাংস্কৃতিক সম্পাদক সানজিদা ঊর্মি, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক কাজী ইসরাত সাহেদ, প্রশিক্ষণ সম্পাদক তানিয়া আক্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক জাহানারা জ্যোতি, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. মাসুদুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ইকলিমা ইয়াসমিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সাদিয়া তাবাচ্ছুম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ধীমান আল হামি, ম্যাগাজিন সম্পাদক হামিদা হিমু, বইমেলা সম্পাদক নাহিদ হাসান, কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান, মুরাদ হোসেন ও জাহিদুল ইসলাম।
কমিটির নাম ঘোষণার পর নবনির্বাচিত বন্ধুরা শপথবাক্য পাঠ করেন। শপথ পাঠ করান প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বছরব্যাপী কাজের ভিত্তিতে ২০২৫ সালের ‘সেরা বন্ধু’ নির্বাচিত হন বন্ধু রাশেদ আহমেদ ও জাহানারা জ্যোতি। অনুভূতি প্রকাশ করে জাহানারা জ্যোতি বলেন, ‘খুব খুশি হয়েছি পুরস্কৃত হয়ে। যারা আয়োজন করেছে, তাদেরসহ বন্ধুসভার সব সদস্যের প্রতি রইল অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা। যত দিন বেঁচে থাকব বন্ধুসভার সঙ্গে থাকব। এ অনুভূতি আসলে বলে প্রকাশ করা যাবে না।’
এরপর র্যাফল ড্র, খেলাধুলা এবং পুরস্কার বিতরণের খুশিতে মুখরিত হয় পরিবেশ। সবশেষে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সমাপ্তি ঘটে আনন্দভ্রমণের।
ম্যাগাজিন সম্পাদক, যশোর বন্ধুসভা