আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দিনাজপুর শহরের আশ্রমপাড়া এলাকার দয়ানন্দ লাইব্রেরিতে ‘কাজ, প্রেম, দেশ’ বই নিয়ে পাঠচক্র করে দিনাজপুর বন্ধুসভা। ১২ আগস্ট অনুষ্ঠিত এ পাঠচক্রে তরুণদের জীবনবোধ, কাজের প্রতি দায়িত্বশীলতা, মানবিকতা, দেশপ্রেম ও সমাজের প্রতি ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
কোয়ান্টাম সিরিজের লেখক মহাজাতকের লেখা ‘কাজ, প্রেম, দেশ’ বইটি পাঠ করেন বন্ধুরা। বইটির বিভিন্ন দিক নিয়ে বন্ধুরা বলেন, ‘একজন মানুষের জীবনে কাজ, ভালোবাসা ও দেশের প্রতি দায়িত্ব—তিনটি বিষয়ই গুরুত্বপূর্ণ। নিজের কাজের প্রতি আন্তরিকতা, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ এবং দেশের জন্য ইতিবাচক কিছু করার মানসিকতা একজন মানুষকে পরিপূর্ণ করে তোলে।’
পাঠচক্রে তরুণ প্রজন্মের আত্ম–উন্নয়ন ও ইতিবাচক চিন্তার ওপরও গুরুত্ব দেওয়া হয়। শুধু পরীক্ষার ফলাফল বা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে বই পড়ার মাধ্যমে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।
সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘দেশের ভবিষ্যৎ অনেকটাই তরুণদের চিন্তা, মেধা ও কর্মের ওপর নির্ভরশীল। তরুণদের সঠিকভাবে গড়ে তুলতে হলে তাঁদের পড়াশোনার পাশাপাশি বই পড়া, সংস্কৃতিচর্চা ও সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এ ধরনের পাঠচক্র তরুণদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে।’
দয়ানন্দ লাইব্রেরির প্রতিষ্ঠাতা লিটু স্যার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। তাঁর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বই পড়া ও জ্ঞানচর্চার একটি পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা অবসর সময়ে লাইব্রেরিতে এসে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি পাঠচক্রের মাধ্যমে বই পড়াকে আরও আনন্দময় ও আলোচনাভিত্তিক করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি বন্ধুসভার বন্ধুদের নিয়মিত লাইব্রেরিতে এসে বই পড়ার আমন্ত্রণ জানান।
সভাপতি শবনম মুস্তারিন বলেন, ‘একটি বই শুধু তথ্য বা জ্ঞান দেয় না। এটি মানুষকে ভাবতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং নিজের জীবন ও সমাজকে নতুনভাবে দেখতে সাহায্য করে। তাই তরুণদের মধ্যে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ, বন্ধু উৎস, বিথি, তপতী রায়সহ অন্যান্য বন্ধুরা।
সভাপতি, দিনাজপুর বন্ধুসভা