প্রতিটি মানুষ যেন ঈদে হাসিমুখে থাকতে পারে

দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে নতুন পোশাক, জায়নামাজ ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণছবি: বন্ধুসভা

পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া ইউনিয়ন এবং ঢালার চর ইউনিয়নের দুর্গাপুর চরের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে দয়ালনগর বন্ধুসভা। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে ১৪ মার্চ সকালে চরের দুই শতাধিক পরিবারের মাঝে নতুন পোশাক, জায়নামাজ ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিকে ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। বিতরণ কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ বাতেন খান। তিনি বলেন, ‘চর অঞ্চলের মানুষ যেন মনে না করে তারা একাকী। ঈদের প্রকৃত আনন্দ চর অঞ্চলের মানুষের সঙ্গে ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন। দুর্গাপুর চর হবে স্বপ্নগ্রাম, যেখানে সব ধরনের মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। স্বপ্নগ্রামে একটি মানবিক, প্রাকৃতিক এবং মূল্যবোধভিত্তিক কমিউনিটি গড়ে তোলা হবে। শিশু মানুষ হয়ে উঠবে, যুবকদেরকে দক্ষ ও স্বনির্ভর করা, নারী ও পুরুষ সম্মিলিতভাবে সমাজ গড়বে এবং কৃষক প্রাকৃতিক ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করে আর্থিকভাবে লাভবান হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।’

দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে নতুন পোশাক, জায়নামাজ ও ঈদের খাদ্যসামগ্রী বিতরণ।

দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আবু সায়েম প্রামাণিক বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় মানবিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করে। বিকে ফাউন্ডেশনের সহযোগিতায় আজ যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। শিক্ষার পাশাপাশি এমন সামাজিক দায়বদ্ধতা আমাদের সমাজকে আরও সমৃদ্ধ করবে।’

দয়ালনগর বন্ধুসভার আহ্বায়ক আকরাম হোসেন বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ যেন উৎসবের দিনে হাসিমুখে থাকতে পারে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দয়ালনগর বন্ধুসভার সদস্যসচিব আনিছুর রহমান, সাইদুর রহমান খান, রুমকুমার, আইনুন নিসাদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। স্বেচ্ছাসেবী বন্ধুরা সুশৃঙ্খলভাবে প্রতিটি পরিবারের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

উপদেষ্টা, দয়ালনগর বন্ধুসভা