বইয়ের ভাঁজে বেঁচে থাকুক আমাদের প্রিয় বর্ণমালা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার আয়োজনছবি: বন্ধুসভা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমধর্মী বই প্রদর্শনী। ‘বইয়ের ভাঁজে বেঁচে থাকুক আমাদের প্রিয় বর্ণমালা’ শিরোনামে এ প্রদর্শনীতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক নানা গুরুত্বপূর্ণ বই স্থান পায়।

কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত এ প্রদর্শনীতে বন্ধুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। বাংলা ভাষার ইতিহাস, ১৯৫২-এর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ ও মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম নিয়ে রচিত গ্রন্থগুলো ঘিরে ছিল সবার আগ্রহ।

বন্ধু তামান্না ইসলাম বলেন, ‘মহান শহীদ দিবসের চেতনা শুধু এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে বই পাঠের মাধ্যমে তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা ইতিহাস, আত্মত্যাগ ও ভালোবাসার গল্প নতুন প্রজন্মকে ভাষার প্রতি আরও সচেতন ও অনুরাগী করে তুলবে বলে আশা করি।’

মুরারিচাঁদ কলেজের শহীদ মিনারে বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ
ছবি: বন্ধুসভা

বৃক্ষবন্ধু শাহ সিকান্দার শাকির বলেন, ‘অমর একুশের এই রক্তঝরা মাসে, আমাদের বর্ণমালা আসুক প্রাণের কাছে। বইয়ের পাতায় ছড়িয়ে থাকুক আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। ভাষার মাসে এই বই প্রদর্শনীতে আমন্ত্রণ করার জন্য বন্ধুদের ধন্যবাদ ও ভালোবাসা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি রুবেল ফারহিন, বন্ধু লিমা তালুকদার, উদয় সরকার, প্রজ্ঞা চৌধুরী, জীবন বিশ্বাস, ঋত্বিক চক্রবর্তী, মনোয়ার হোসেন, সামিহা আক্তার, রাসেল আহমদ, রূপায়ন চৌধুরী, পিনা ইসলাম, রোম্মান হাসান, রুবাইয়াত রোশানসহ অন্য বন্ধুরা।

বন্ধু, মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা