বধ্যভূমি নিয়ে জামালপুর বন্ধুসভার তথ্যচিত্র
জামালপুরের বধ্যভূমিগুলোর ইতিহাস ও বর্তমান অবস্থা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশেষ তথ্যচিত্র ‘নিঃশব্দ হাহাকার: জামালপুর বধ্যভূমি’ নির্মাণ করেছে জামালপুর বন্ধুসভা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জেলার তিনটি গুরুত্বপূর্ণ বধ্যভূমি এই তথ্যচিত্রে স্থান পেয়েছে।
তথ্যচিত্রটি নির্মাণ করেছেন জামালপুর বন্ধুসভার মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. হৃদয়। দীর্ঘ গবেষণার পর এতে তুলে ধরা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ তিনটি বধ্যভূমির চিত্র—
১. সরকারি আশেক মাহমুদ কলেজ হোস্টেল বধ্যভূমি: যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা অসংখ্য মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল।
২. বনপাড়া ফোতি এলাকা বধ্যভূমি: স্থানীয় ইতিহাসের এক বেদনাবিধুর সাক্ষী।
৩. ব্রহ্মপুত্রের তীরসংলগ্ন শ্মশানঘাট বধ্যভূমি: নদীর তীরঘেঁষা এই স্থানে সংগঠিত গণহত্যার বিবরণ ফুটে উঠেছে।
তথ্যচিত্রটির নির্মাতা মো. হৃদয় বলেন, ‘জামালপুরের এই বধ্যভূমিগুলো আমাদের বীরত্বের ও ত্যাগের ইতিহাস বহন করছে। নতুন প্রজন্মের অনেকে এই স্থানগুলো সম্পর্কে জানে না। তাদের সঠিক ইতিহাস জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
তথ্যচিত্রের লিংক: https://www.facebook.com/share/r/1HS1U9HMgF/
সাধারণ সম্পাদক, জামালপুর বন্ধুসভা