‘সব শিশু ও নারীর নিরাপত্তা চাই: ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে মুন্সিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে জেলা প্রেসক্লাবের সামনে এটির আয়োজন করে মুন্সিগঞ্জ বন্ধুসভা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সামাজিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকেরা।
মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি মাশফিক সিহাবের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ উদীচীর মুন্সিগঞ্জ শাখার সহসভাপতি হামিদা খাতুন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন, মুন্সীগঞ্জ বন্ধুসভার সহসভাপতি রাজীব পাল, মহিলা পরিষদের সভাপতি আইনজীবী নাসিমা আক্তার, সফটভারস আইটির এমডি নুরে আলম আলভি প্রমুখ।
বক্তারা বলেন, ‘রাজধানীর মিরপুরে আট বছরের একটি শিশুর নৃশংস হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সারা দেশে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। রাষ্ট্রীয় আইনের দীর্ঘসূত্রতা ও বিচারের ধীরগতির কারণে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।’ এ সময় শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ এবং ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উদীচীর মুন্সিগঞ্জ শাখার সহসভাপতি হামিদা খাতুন বলেন, ‘সারা দেশে একের পর এক ধর্ষণ ও নিপীড়নের ঘটনা ঘটে চলেছে। যদি ধর্ষকদের শাস্তি হতো তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না।’
কর্মসূচিতে অংশ নিতে টঙ্গিবাড়ী উপজেলা থেকে বাবার হাত ধরে আসে ছোট্ট শিশু রুদ্রদীপ পাল। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। রুদ্রদীপ বলে, ‘আমার বোনদের নিরাপত্তা চাই সব জায়গায়। আর কোনো কোমলমতি শিশুকে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করতে যাতে না হয়।’ রুদ্রদীপের মতো আরও অনেক শিশু মানববন্ধনে অংশ নিয়েছে।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বলেন, ‘যাদের ছোট বাচ্চা আছে এখন তারা সবাই আতঙ্কিত। ঘরে-বাইরে যেভাবে ধর্ষণ–নিপীড়ন হচ্ছে, তা উদ্বেগজনক। সব অপরাধীকে বিচারের আওতায় এনে নারী ও শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্রব্যবস্থা সরকারকে গড়ে তুলতে হবে।’
প্রথম আলো মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন বলেন, ‘আমিও একজন মেয়ের বাবা। আমারও কন্যাসন্তান রয়েছে। ফুলের মতো কোমল শিশু; ধর্ষণ ও খুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আমার মতো সব বাবা শঙ্কিত। প্রতিটি অপরাধের অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাহলেই আমরা আমাদের নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে পারব।’
সহসভাপতি, মুন্সিগঞ্জ বন্ধুসভা