মুক্তিযুদ্ধের গল্প থেকে মুড়ির আড্ডায়

জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বইয়ের পাতায় লুকিয়ে থাকা ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মৃতি, সত্য ঘটনা ও মানবিক অনুভূতির নানা মেলবন্ধনে বছরের ২৪তম পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ১৮ সেপ্টেম্বর সকালে সভাপতি অন্তরা চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় কথাসাহিত্যিক আনিসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মা’।

পাঠচক্রে ‘মা’ উপন্যাস নিয়ে পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত এ উপন্যাসে বীর মুক্তিযোদ্ধা মাগফার আহমেদ চৌধুরী (আজাদ) ও তাঁর মা সুফিয়া বেগমের জীবন, দেশপ্রেম, আত্মত্যাগ ও গভীর মাতৃস্নেহের আবেগঘন কাহিনি উঠে এসেছে।

আলোচনায় অংশ নেওয়া বন্ধুরা উপন্যাসটির বিভিন্ন দিক নিজেদের মতো করে তুলে ধরেন। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কার বাস্তবতা, একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের বিষয়গুলো গুরুত্ব পায়।

জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

‘মা’ পড়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে জানার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের বিষয়গুলো উপলব্ধি করার সুযোগ তৈরি হয় বলে জানান উপস্থিত বন্ধুরা। বইটি পাঠের সময় চারপাশে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আলোচনা শেষে বন্ধুরা নিজেদের পড়াশোনা, বই পড়ার অভ্যাস, পছন্দের বই, লেখালেখি এবং ভবিষ্যতে সাহিত্যচর্চা নিয়ে খোলামেলা আড্ডায় অংশ নেন। কে কী বই পড়ছেন, কোন ধরনের বই ভালো লাগে কিংবা নিয়মিত বই পড়ার ক্ষেত্রে কী ধরনের অভিজ্ঞতা হচ্ছে—এসব নিয়েও চলে প্রাণবন্ত কথোপকথন।

সাহিত্য আলোচনা ও আড্ডার পর শুরু হয় সবাই মিলে মুড়িমাখা। পেঁয়াজ, কাঁচা মরিচ, চানাচুর, শর্ষের তেলসহ বিভিন্ন উপকরণ দিয়ে বন্ধুরা নিজেদের হাতে মুড়ি মেখে একসঙ্গে তা উপভোগ করেন। এ সময় হাসি-ঠাট্টা, গল্প ও খুনসুটিতে পুরো পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে।

আয়োজনে উপস্থিত ছিলেন সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসাংগঠনিক সম্পাদক মো. বাকিবিল্লাহ্, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, বইমেলা সম্পাদক নাইমুল শাকিল, বন্ধু নুসরাত, তুবা, আশা, তানভীর মাহতাব, আফরা অর্ক, সানজিদা, অয়ন, সীমান্ত, আবিরাসহ অন্য বন্ধুরা।

সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা