রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্র

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণদিবস উপলক্ষে তাঁর বিখ্যাত ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

আলোচনায় বন্ধু হাসান করিম বলেন, ‘পোস্টমাস্টার’ শুধু একজন পোস্টমাস্টার ও রতনের গল্প নয়; এটি মানুষের একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের গভীর বেদনার গল্প। গল্পের শেষ অংশটি পাঠকের মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়।

বন্ধু ফারজানা বলেন, ‘রতনের চরিত্রটি আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। তার নিঃস্বার্থ ভালোবাসা, অপেক্ষা এবং শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণা খুব স্বাভাবিক অথচ গভীরভাবে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ খুব সহজ ভাষায় মানুষের জটিল অনুভূতিগুলো প্রকাশ করেছেন।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘“পোস্টমাস্টার” আমাদের শেখায়, সব সম্পর্কের পরিণতি মিলন নয়। অনেক সময় কিছু সম্পর্ক অসমাপ্ত থেকেই মানুষের মনে সবচেয়ে গভীর ছাপ রেখে যায়। রবীন্দ্রনাথের প্রয়াণদিবসে তাঁর এই কালজয়ী গল্প নিয়ে পাঠচক্র আয়োজনের মাধ্যমে আমরা তাঁর সাহিত্যচিন্তা ও মানবিক দর্শনকে নতুন করে উপলব্ধি করার চেষ্টা করেছি।’

আলোচনায় গল্পটির মানবিকতা, একাকিত্ব, বিচ্ছেদ, প্রত্যাশা ও অপূর্ণতার অনুভূতির পাশাপাশি রবীন্দ্রনাথের গল্প বলার কৌশল, চরিত্র নির্মাণ এবং ভাষার সৌন্দর্য নিয়েও মতামত তুলে ধরেন বন্ধুরা। পাঠচক্রের মাধ্যমে অংশগ্রহণকারীরা ‘পোস্টমাস্টার’ গল্পটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পাঠ ও অনুধাবনের চেষ্টা করেন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন।