মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এগারো চত্বরে অনুষ্ঠিত এই পাঠচক্রে আলোচনা করা হয় মাদার তেরেসার কর্মময় জীবন, মানবসেবা, মানবিক দর্শন এবং অসহায় মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়।

পাঠচক্রে আলোচকেরা মাদার তেরেসার জীবন ও কর্মকে শুধু দাতব্য কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিকতার বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। মানুষের প্রতি সহমর্মিতা, নিঃস্বার্থ সেবা এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর যে দর্শন তাঁর কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে, আলোচনায় সেটির বিভিন্ন দিক উঠে আসে।

সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, ‘মাদার তেরেসার জীবন আমাদের শেখায়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সব সময় বড় কোনো সামর্থ্যের প্রয়োজন হয় না। একজন মানুষের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সেবার মানসিকতাই অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আমাদের দেশে যেমন অনেক দুস্থ, বাস্তুহারা মানুষ রয়েছে, তেমনি ধনী লোকেরও অভাব নেই। অথচ দুঃখের ব্যাপার যে তাদের মানবতা জাগ্রত হয় না কখনো।’

প্রচার সম্পাদক আল–ইসনাইন বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা তিনি তৈরি করেছিলেন, তা আজও সমাজের জন্য প্রাসঙ্গিক।’

বইমেলা সম্পাদক আদ্রিতা হক বলেন, ‘তাঁর জীবনকে দেখলে বোঝা যায়, মানবসেবা শুধু একটি কাজ নয়, এটি একটি জীবনদর্শনও হতে পারে। মানুষের দুঃখ-কষ্টকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করার যে মানসিকতা মাদার তেরেসার মধ্যে ছিল, তা আমাদেরও মানবিক হতে অনুপ্রাণিত করে।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘একজন ব্যক্তির জীবন ও কর্মকে পাঠের মাধ্যমে বিশ্লেষণ করাই পাঠচক্রের অন্যতম উদ্দেশ্য। মাদার তেরেসার জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা মানবিকতা, সেবা ও দায়িত্ববোধের মতো মূল্যবোধগুলোকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পেয়েছি। তাঁর জীবন আমাদের মনে করিয়ে দেয়, সমাজ পরিবর্তনের শুরু হতে পারে একজন মানুষের প্রতি দায়িত্বশীল আচরণ থেকেই।’

পাঠচক্রটি সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহসিনা রহমান, অর্থসম্পাদক ফারজানা আক্তার, ম্যাগাজিন সম্পাদক কাউছার, বন্ধু রাহেলা সাদমুন, ফারিয়া প্রমুখ।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা