চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে মুনতাসীর মামুনের ‘লড়াই’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

মুনতাসীর মামুনের ‘লড়াই’ গ্রন্থ নিয়ে পাঠচক্র করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। গত ৮ জানুয়ারি বিকেলে জেলা শহরের প্রমিত কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। এটি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ৭০তম পাঠচক্র।

পাঠচক্র আলোচনায় যুগ্ম সাধারণ সম্পাদক সাবরিন আখতার বলেন, ‘লড়াই’ গ্রন্থে অন্যায়, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে মানুষের অবিরাম সংগ্রামের চিত্র ফুটে উঠেছে। এখানে ‘লড়াই’ কেবল অস্ত্রধারী যুদ্ধ নয়; বরং সচেতন মানুষের মানসিক, সামাজিক ও নৈতিক প্রতিবাদের প্রতীক। সাধারণ মানুষ কীভাবে ভয় ও লোভকে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে পারে, সেই দৃষ্টিভঙ্গিই বইটির মূল শক্তি। প্রতীক ও রূপকের ব্যবহারে শাসন, দমন–পীড়ন ও প্রতিবাদের বিষয়গুলো আরও জীবন্ত হয়ে উঠেছে, যা পাঠকের মনে সংগ্রামের চেতনা জাগিয়ে তোলে।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর।

সাবরিন আখতার বলেন, ‘গ্রন্থটি আমাদের শেখায় যে স্বাধীনতা কোনো দান নয়, এটি সংগ্রামের মাধ্যমে অর্জন করতে হয়। অন্যায়ের সঙ্গে আপস না করে সাহস, সচেতনতা ও নৈতিক দৃঢ়তা নিয়ে প্রতিবাদ করাই একজন প্রকৃত মানুষের দায়িত্ব। সমাজ পরিবর্তনে বড় ক্ষমতার প্রয়োজন হয় না, একজন সচেতন সাধারণ মানুষের দৃঢ় অবস্থানই ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে—এ শিক্ষাই বইটি পাঠকের মনে গভীরভাবে ছাপ ফেলে।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন ও আমিনুল ইসলাম, সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মরিয়ম মুক্তা, বন্ধু ইমন হোসেনসহ অন্য সদস্যরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা