‘কৃষ্ণকান্তের উইল’ বই নিয়ে পাঠচক্রের আসর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে চবি বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ বই নিয়ে পাঠচক্রের আসর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে বন্ধুরা বইটির মূল কাহিনি, চরিত্র ও সামাজিক বার্তা নিয়ে বিশদ আলোচনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, ক্ষুদ্র কলেবরের ‘কৃষ্ণকান্তের উইল’ বইটি মেদহীন। বঙ্কিমীয় শব্দচয়ন নিখুঁতভাবে কাহিনির সঙ্গে মিশেছে এবং লেখককে চরিত্রগুলোকে উপহাস করার একটি উপায় হিসেবে দাঁতভাঙা শব্দগুলো বেশ সাহায্য করেছে। বলছি, দাঁতভাঙা; সত্যিই পড়া শেষ করে মনে হয়েছে, সহজ বাংলায় লেখা হলে ওই সময়টাকে ধরা যেত না।

ঘটনার সূত্রপাত উইল দিয়ে শুরু হলেও মূল ঘটনা গোবিন্দলালকে নিয়ে। কৃষ্ণকান্তের ভাইয়ের একমাত্র ছেলের ত্রিমুখী প্রেমের গল্প নিয়েই এগিয়েছে উপন্যাস। যার এক পাশে গুণবতী স্ত্রী ভ্রমর, অন্য পাশে রূপের মোহে আকৃষ্ট করা রোহিণী। রূপ আর গুণের গোলকধাঁধায় ঘূর্ণমান গোবিন্দলাল বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই ভুলের মাশুল দিতে হয়েছে তাকে এবং তার আশপাশের সবাইকে। অবাধ্য ভালোবাসার নির্মম পরিণতির মতো অনেকটা!

পাঠচক্র শেষে চবি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সহসভাপতি রওশন আরা রব বলেন, ‘এমন চমৎকার উপন্যাস একমাত্র বঙ্কিমবাবুই লিখতে পারেন। এত আগের একটা উপন্যাস, এইটা সেটা ভাবতেও কেমন জানি লাগে! আজকালের গল্প বলে চালিয়ে দিলেও কেউ কোনো আপত্তি তুলতে পারবে বলে মনে হয় না। চরিত্র থেকে শুরু করে কাহিনির গভীরতা যে এত বিশাল পরিধির, তা কেউ না পড়লে বুঝতে পারবে না। গোবিন্দলাল, ভ্রমর, রোহিণীদের মাঝের পাপ, পুণ্য, প্রায়শ্চিত্তের যে খেলা তা এতই সূক্ষ্মভাবে বঙ্কিমবাবু ফেঁদেছেন, যা যেকোনো পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে বাধ্য।’

সহসাংগঠনিক সম্পাদক জয়দেব রায় বলেন, ‘যুগ বদলায়, অথচ ভ্রমরদের চিন্তাধারা বদলায় না। ভালোবাসার দোহাই দিয়ে ভুল মানুষের দোষগুলো কি সুন্দর নিজের ঘাড় পেতে নেয়!’

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রিয়াদ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জয় প্রকাশ মণ্ডল, অর্থ সম্পাদক রিপা সাহা, প্রশিক্ষণ সম্পাদক সুদীপ চাকমা, বইমেলা সম্পাদক সৌরভ রায়, কার্যনির্বাহী সদস্য কোহিনুর রহমান ও বন্ধু তন্ময় দত্ত মিশু।

সাধারণ সম্পাদক, চবি বন্ধুসভা