লালমনিরহাট শহরের শহীদ শাহজাহান কলোনির বাসিন্দা রংমিস্তি সবুজ ইসলামের ছেলে সিহাদ ইসলাম (৯)। পড়াশোনা করে শহীদ শাহজাহান কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে। নতুন পায়জামা ও পাঞ্জাবি পেয়ে আবেগে আপ্লুত হয়ে বলে, ‘এই পায়জামা ও পাঞ্জাবি পরে এবার ঈদের নামাজ পড়তে যামু বাবার সাথে।’
একই এলাকার বাসিন্দা ফেরিওয়ালা নজরুল ইসলামের মেয়ে নাসিমা আখতার (১১) নতুন জামা পেয়ে বারবার গায়ে ফিট করে দেখছিল। এ সময় আনন্দে তার চোখ ঝিলিক দিচ্ছিল যেন। নাসিমা আখতার একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে সিহাদ ও নাসিমার মতো এমন সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দিয়েছে লালমনিরহাট বন্ধুসভা। ১৮ মার্চ বিকেলে এগুলো বিতরণ করা হয়।
অসুস্থ অটোরিকশাচালক রাবিউল ইসলামের মেয়ে জান্নাতি আখতার (১১) একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। জান্নাতি আখতার বলে, ‘বাবা অসুস্থ, অটোরিকশা এখন চালায় না। বাবার হাতে টাকা নাই। ঈদের পোশাক দিতে পারবে না কইছে। এখন প্রথম আলোর দেওয়া নতুন জামা পায়া খুব ভালো লাগছে। ঈদের দিন এই জামা পরে বেড়াতে বাহির হমু।’
দাদির সঙ্গে এসেছিল চার বছর বয়সের মেয়েশিশু বিভা। তার বাবা জাহেদুল ইসলাম চায়ের দোকানের কর্মচারী। নতুন জামা পেয়ে বিভা গায়ের সঙ্গে চেপে ধরে, দাদিকেও ধরতে দেয়নি জামাটা। বিভার দাদি বলেন, ‘প্রথম আলো পেপার থাকি (প্রথম আলো বন্ধুসভা) এই নতুন জামা উপহার পায়া নাতনির মন আনন্দে ভরে গেছে। আল্লাহপাক তোমারগুলার খুব ভালো করবে।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা আবদুর রব সুজন, বন্ধুসভার সহসভাপতি ইফতেখারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রণি কোরাইশি এবং শহীদ শাহজাহান কলোনির জবা শিশু বিকাশ কেন্দ্রের চাইল্ড ফ্যাসিলিটর আইরিন আখতার।
সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা