মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব

বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের কবর জিয়ারত করেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫ সেপ্টেম্বর দুপুরে তাঁর কবর জিয়ারত করেছেন সিরাজগঞ্জ বন্ধুসভার বন্ধুরা। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

গাজী লুৎফর রহমান অরুণ ১৯৪৭ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পলাশডাঙ্গা যুবশিবিরে প্রধান অস্ত্র প্রশিক্ষক ও ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পরও তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর গাজী লুৎফর রহমান অরুণ মৃত্যুবরণ করেন। এরপর সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

কবর জিয়ারত শেষে বন্ধুসভার সদস্যরা বলেন, ‘যে জাতি বীরদের সম্মান করে না, সে জাতির উন্নতি অনিশ্চিত। মুক্তিযুদ্ধের বীরদের স্মরণ করা এবং তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সবার দায়িত্ব। তাঁদের আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।’

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, কার্যনির্বাহী সদস্য কাউসার আহমেদ ও বন্ধু মনজুর আলম।
দোয়া শেষে মহান মুক্তিযুদ্ধের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা