জাহাঙ্গীরনগরে ‘জাকসু রান ২০২৬’, ইভেন্ট সহযোগী জাবি বন্ধুসভা
একটি দৌড় কখনো শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প নয়; প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে থাকে নিজের সীমাকে ছুঁয়ে দেখার সাহস, অর্জনের স্মৃতি আর নতুন মাইলস্টোন তৈরির প্রত্যয়। সেই ভাবনাকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকসু রান ২০২৬: দ্য ফেয়ারওয়েল অ্যান্ড মাইলস্টোনস’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণের উদ্যোগে অনুষ্ঠেয় এ আয়োজনের অফিশিয়াল ইভেন্ট পার্টনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
আগামী ২ অক্টোবর, শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই দৌড়। এতে থাকছে ৫ কিলোমিটার রান ও ১০ কিলোমিটার মিনি ম্যারাথন। ৫ কিলোমিটার দৌড় থেকে শুরু করে ১০ কিলোমিটারের চ্যালেঞ্জ; সব বয়স ও অভিজ্ঞতার দৌড়প্রেমীদের জন্যই থাকছে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ।
জাকসু রানকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভাও যুক্ত হয়েছে আয়োজনটির সঙ্গে। শিক্ষার্থীদের মধ্যে সুস্থ জীবনযাপন, ক্রীড়াচর্চা ও ইতিবাচক জীবনধারার চর্চা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তারুণ্য, বন্ধুত্ব ও উদ্যমকে একত্রিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। জাকসুর উদ্যোগের সঙ্গে বন্ধুসভার অংশীদারত্ব তাই একটি ক্রীড়া আয়োজনকে আরও বৃহত্তর সামাজিক ও তারুণ্যনির্ভর উদ্যাপনে রূপ দেওয়ার প্রত্যাশা তৈরি করেছে।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে অফিশিয়াল ইভেন্ট জার্সি, রেস বিব, ফিনিশার মেডেল ও সনদ, কিট ব্যাগসহ সারপ্রাইজ উপহার। দৌড়ের পথে থাকবে একাধিক হাইড্রেশন স্টেশন, চিকিৎসা ও প্রাথমিক চিকিৎসাসেবা, ট্র্যাকিং সিস্টেম, রেস-পরবর্তী খাবার এবং ওয়াশরুমের সুবিধা। পাশাপাশি থাকছে ইভেন্ট ফটোগ্রাফি ও মিডিয়া কাভারেজ। ঢাকার উত্তরা, গুলশান ও বঙ্গবাজার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে শাটল বাস সার্ভিস।
সেরা দৌড়বিদদের জন্যও থাকছে বিশেষ স্বীকৃতি। ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার বিভাগে পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে সেরা তিনজন পাবেন ক্রেস্ট। তবে ৫ কিলোমিটার বিভাগে নারীদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
দৌড়ের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের বয়স কমপক্ষে ১৫ বছর হতে হবে। ৫ কিলোমিটার রানের জন্য নির্ধারিত সময়সীমা ৯০ মিনিট এবং ১০ কিলোমিটারের জন্য ১২০ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে ফিনিশ করতে না পারলে অফিশিয়াল টাইমিং ও ফিনিশার মেডেলের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুসরণ করা হবে। অংশগ্রহণকারী ব্যক্তিদের নির্ধারিত রুট ও চেকপয়েন্ট অনুসরণ করতে হবে এবং দৌড় শুরুর অন্তত ৩০ মিনিট আগে স্টার্টিং লাইনে উপস্থিত থাকতে হবে।
জাকসু রান ২০২৬-এর নিবন্ধনের শেষ সময় ১৪ সেপ্টেম্বর। ফলে যাঁরা দৌড়ের মাধ্যমে নিজেদের একটি নতুন মাইলস্টোন তৈরি করতে চান, তাঁদের জন্য সময় ফুরিয়ে আসছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ প্রাঙ্গণে তারুণ্যের শক্তি, বন্ধুত্ব ও অর্জনের গল্পকে এক সুতোয় বাঁধতেই এই আয়োজন। জাকসুর উদ্যোগ ও জাবি বন্ধুসভার অংশীদারত্বে ‘জাকসু রান ২০২৬’ ক্যাম্পাসে তারুণ্যের নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে প্রত্যাশা আয়োজকদের।
প্রচার সম্পাদক, জাবি বন্ধুসভা