শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন জামা এবং অসচ্ছল পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ১৭ মার্চ বিকেলে নালিতাবাড়ী প্রেসক্লাবে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন ১৫ জন শিশুকে নতুন জামা এবং ২০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে নালিতাবাড়ী বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে বন্ধুসভার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারগুলোর কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
উপহার পেয়ে বিধবা নার্গিস খাতুন বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে দিন কাটছে। চার ছেলের মধ্যে দুজন আলাদা হয়ে গেছে। ছোট দুই ছেলেকে নিয়ে খুব কষ্টে আছি। ঈদের সময় তাদের জন্য মানুষের সাহায্যে জামা কিনতে হয়েছে। আজ বন্ধুসভার কাছ থেকে শাড়ি ও খাবার পেয়ে খুব ভালো লাগছে।’
১৩ বছর বয়সী মার্জিয়া খাতুন বলে, ‘আমার বাবা দিনমজুর। আমরা চার বোন, আমি সবার বড়। সবার জন্য ঈদের জামা কেনা সম্ভব হয়নি। নতুন জামা পেয়ে খুব খুশি লাগছে।’
এ বিষয়ে নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি অভিজিৎ সাহা বলেন, প্রথম আলো বন্ধুসভা প্রতিবছরই ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করে থাকে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে বন্ধুসভার সদস্যরা নিজেদের ঈদ ব্যয়ের একটি অংশ সাশ্রয় করে সেই অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য খাদ্যসামগ্রী এবং শিশুদের জন্য নতুন পোশাক কিনে উপহার দেয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, আইনজীবী ইয়াছমিন আক্তার, জয় সাহা, সাবেক সাধারণ সম্পাদক সানী ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, দপ্তর সম্পাদক শাহীন আলম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আমানুল্লাহ আসিফ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জনি হাসান এবং সদস্য বিপ্লবসহ বন্ধুসভার অন্য সদস্যরা।