আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে ‘বিফোর দ্য সাইলেন্স’ শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর রাত ৯টায় ড্যাফোডিল বন্ধুসভার সহযোগিতায় ও মাইন্ডস্ফিয়ারের আয়োজনে ‘ফাইন্ড দ্য ওয়ে ব্যাক’ উদ্যোগের অংশ হিসেবে ভার্চ্যুয়ালি এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কিশোর-তরুণদের দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার পটভূমি, আত্মহত্যা বিষয়ে সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও উৎপাদনশীলতার পারস্পরিক সম্পর্ক এবং আত্মহত্যা প্রতিরোধে বাস্তবসম্মত করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে ছিলেন মাইন্ডস্ফিয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম শাদমান খান। মানসিকভাবে বিপর্যস্ত তরুণের পাশে কীভাবে দাঁড়ানো যায় এবং প্রয়োজনের সময়ে কী ধরনের সহায়তা নেওয়া যেতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।
অতিথি বক্তা ছিলেন ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ক্লাবের ইভেন্ট কো-অর্ডিনেটর জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন মাইন্ডস্ফিয়ার হেড অব প্রজেক্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট জান্নাতুন নাঈমা।
বক্তারা তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত সংকোচ ও নীরবতা কমিয়ে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মানসিক স্বাস্থ্যের সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনের সময়ে পরিবার, বন্ধু, শিক্ষক, পেশাদার বা সংশ্লিষ্ট সহায়তা ব্যবস্থার কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় উঠে আসে।
সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা